অসৌজন্যমূলক আচরণের খেসারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে অশোভন ও অসৌজন্যমূলক আচরণ, উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও ফুটপাত দখলের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরকে স্ত্রী ও সন্তানসহ আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের রাজপাড়া থানার পুলিশ তাঁদের আটক করে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, সাবেক কাউন্সিলর কামাল হোসেন (৪৫), তাঁর ছেলে শিমুল হোসেন (২২), স্ত্রী সালমা বেগম এবং প্রতিবেশী এনামুল হকের ছেলে রুমন আলী (৩২)। তাঁদের বাড়ি নগরের দাশপুকুর এলাকায়। কামাল হোসেন রাজশাহী সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, কামাল হোসেন দাশপুকুর এলাকায় রাস্তা দখল করে বেশ কিছু দোকানপাট তৈরি করেছিলেন। এতে এলাকাবাসীর ভোগান্তি হচ্ছিল। স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বেলা একটার দিকে রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যায়। এ সময় কামাল হোসেন, তাঁর স্ত্রী ও ছেলেসহ তাঁদের কয়েকজন অনুসারী পুলিশের ওপর চড়াও হন। তাঁরা পুলিশের সঙ্গে অশোভন ও অসৌজন্যমূলক আচরণ করেন। মানুষকে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করা হয়।