তাঁরা কী বললেন? (বাংলাদেশি ভার্সন)
এবারের অস্কার অনুষ্ঠানে হয়ে গেছে নজিরবিহীন এক ভুল। সেরা চলচ্চিত্র হিসেবে মুনলাইট-এর বদলে পুরস্কার উঠেছিল লা লা ল্যান্ড-এর কলাকুশলীদের হাতে। পরে অবশ্য ভুল শোধরানো হয় দ্রুতই। তারপরও এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। যে দুই ছবি নিয়ে এত আলোচনা, সেই ছবির কলাকুশলীরা যদি বাংলাদেশি হতেন তাহলে তাঁদের প্রতিক্রিয়া কেমন হতো? ভাবার চেষ্টা করেছেন আসফিদুল হক

পৃথিবীতে সততার কোনো মূল্য নাই
ডেমিয়েন শ্যাজেল
পরিচালক, লা লা ল্যান্ড
প্রতিক্রিয়া আর কী দেব বলেন! আমার প্রতিক্রিয়া আর সারা পৃথিবীর মানুষের প্রতিক্রিয়া মিলেমিশে একাকার, হাহাকার হয়ে গেছে। সবাই দেখেছে, কী নির্লজ্জভাবেই না অস্কার কমিটি আমাদের সঙ্গে স্থূল কারচুপি করেছে। নইলে যখন পুরস্কার ঘোষণা হয়ে গেছে, মঞ্চে দাঁড়িয়ে আবেগে টইটম্বুর বক্তব্য দিচ্ছি, তখন কেউ এসে হাত থেকে এভাবে পুরস্কার কেড়ে নেয়? আমরা কি আদিম, বর্বর যুগে বাস করছি? কেউ সামান্য প্রতিবাদটুকু পর্যন্ত করল না! আসলে বলা উচিত, প্রতিবাদ করার সাহস পেল না। এই স্বৈরাচারী অস্কার কমিটি সবার বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছে। তবে আমি, এই ডেমিয়েন আপনাদের বলে দিচ্ছি, ক্ষমতা কিন্তু আমারও কম না। অনেক ওপর লেভেলের মন্ত্রী-মিনিস্টারের সঙ্গে আমার ওঠাবসা। তাঁরা আমার অন্ধভক্ত। আমি রিকোয়েস্ট করলে তাঁরা দিনের পর দিন পরিবহন ধর্মঘট দিয়ে এই দেশ অচল করে দেবে। সুতরাং অস্কার কমিটিকে বলছি, এখনো সময় আছে, লাইনে আসুন। নইলে সামনের যেকোনো ভয়াবহ পরিস্থিতির জন্য লা লা ল্যান্ড কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

পৃথিবীতে সহ-অভিনেতা বলে কিছু নেই
মাহারশালা আলী
অভিনয়শিল্পী, মুনলাইট
মুনলাইট এ বছরের সেরা চলচ্চিত্র হবে, এটা সবাই জানত। কিন্তু আমি অবাক হয়েছি, আমাকে শ্রেষ্ঠ সহ-অভিনেতা হিসেবে ঘোষণা করায়। বুঝলাম, আমার নামের সঙ্গে একটা সম্বোধনসূচক শব্দ আছে, তাই বলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা-মশকরা করবে সব সময়! কতবার অস্কার কমিটির লোকজনকে বলেছি, পৃথিবীতে সহ-অভিনেতা বলে কিছু নেই, সবই প্রধান চরিত্র; আপনাদের এসব ‘সহ-অভিনেতা’ ক্যাটাগরি বাদ দেন। কিন্তু কে শোনে কার কথা! অবশ্য যারা সামান্য পুরস্কার ঘোষণা নিয়ে এমন তালগোল পাকিয়ে ফেলে, তাদের কাছ থেকে জাতি এর থেকে বেশি কিছু আশা করে না, আমিও করি না।

সত্য হচ্ছে পলিথিনের মতো
ব্যারি জেনকিংস
পরিচালক, মুনলাইট
আমাদের ভুলে গেলে চলবে না যে সত্যই অবিনশ্বর। সত্য হচ্ছে পলিথিনের মতো, পচবে না কখনো। এবং সত্য হচ্ছে বাংলা সিনেমার নায়কের মতো, শেষ পর্যন্ত যার জয় হবেই। আমার ছবি মুনলাইট সেরা চলচ্চিত্র—এটা সারা দুনিয়ার মানুষ স্বীকার করে নিয়েছে। সুতরাং অস্কারে যদি ওই সস্তা ছবিটা, কী যেন নাম...ও হ্যাঁ, লা লা ল্যান্ড যদি সেরা ছবির পুরস্কার জিতে যেত, তাতেও আমার কিছু আসত-যেত না। কারণ, আমি তো আমিই। অস্কার কমিটি ভুল করেছিল। কিন্তু এটা নিয়ে দেখি অনেকেই জল ঘোলা করার চেষ্টা করছে। কেউ কেউ বলছে, আমরা লবিং করে শেষ মুহূর্তে ফলাফল পাল্টে দিয়েছি। শোনেন ভাই, এই দেশের এক রাজনীতিবিদ একবার বলেছিলেন, ‘আকাশে চাঁদ উঠলে দেখা যাবে।’ আমি তাঁর কথার সঙ্গে একমত। আকাশে মুন উঠেছে এবং মুনলাইট সবাই দেখেছে।

পুরস্কারের জন্য লালায়িত নই
রায়ান গসলিং
অভিনয়শিল্পী, লা লা ল্যান্ড
সত্যি বলতে কি, অস্কার অনুষ্ঠানে বসে আমার সেরাম হাসি পাচ্ছিল। কী যে অদ্ভুত তাদের কাজ-কারবার! আমার তো মনে হয়, এবার যাঁরা অস্কারের পুরস্কার কমিটির সদস্য ছিলেন তাঁদের মাথায় নির্ঘাত সমস্যা আছে। পুরা মুভিতে আমার অ্যাক্টিং, এক্সপ্রেশন, ডায়লগ থ্রোয়িং—সব ছিল দেখার মতো। এটা আমার কথা না, সবার মনের কথা। পর্দাতেও আমার আধিপত্য ছিল একচ্ছত্র। অথচ পুরস্কার পেল কিনা...! এই অস্কার কমিটি পুরাই বায়াজড। তবে আমি কিন্তু পুরস্কারের জন্য লালায়িত নই। ভক্তদের কাছ থেকে প্রতিদিন যে ভালোবাসা পাই, সেটাই আমার আসল পুরস্কার। তাই এসব অস্কার-ফস্কারে কে পুরস্কার পেল আর কে পেল না—এসব নিয়ে আমি আসলে বলতে চাই না। শুধু ডেনিয়েলের জন্য একটু খারাপ লাগছে, এই যা।

মানুষেরই ভুল হয়
এমা স্টোন
অভিনয়শিল্পী, লা লা ল্যান্ড
উফ্, যা ভয় পেয়েছিলাম! সেরা ছবির নাম ঘোষণা নিয়ে যে টানাটানি হলো, আশঙ্কা ছিল একটু পর হয়তো বলবে, আমার নামও আসলে ভুল করে ঘোষণা করে ফেলেছে! থ্যাংকস গড, তেমন কিছুই হয়নি। তবে আমিও মনে করি, লা লা ল্যান্ড-এর সঙ্গে বিরাট অন্যায় করা হয়েছে। কারণ, ডেনিয়েল ভাইয়া অনুষ্ঠান শুরুর আগেও আমার কানে ফিসফিস করে বলেছিলেন, ‘টেনশন করিস না। আমার কাছে তথ্য আছে, আমাদের ছবিই হবে সেরা ছবি।’ তারপর সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কী যে হলো! অস্কার কমিটির উচিত ছিল এ ব্যাপারে একটা ছোটখাটো তদন্ত কমিটি গঠন করা; না করলেও সমস্যা নেই। মানুষেরই ভুল হয়। তবে আমার ব্যাপারে যে অস্কার কমিটি ভুল করেনি, এ জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই।