অস্ট্রিয়ায় বাংলার বীজ ও সোনালি আঁশের স্মৃতি

অস্ট্রিয়ার স্টাডগ্যালারি মিউজিয়ামস প্যাভিলিয়নে চলছে বাংলাদেশের মুনেম ওয়াসিফের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানভাষী অঞ্চলের মানুষেরা দেখুক, কত সমৃদ্ধিশালী ছিল বাংলাদেশ। গোলাভরা ধানেরও ছিল কত শত ধরন। সোনালি আঁশ প্রক্রিয়াজাত করা পাটকল বদলে দিয়েছিল অর্থনীতির চাকা। আজ সেসব স্মৃতি। অস্ট্রিয়ার স্টাডগ্যালারি মিউজিয়ামস প্যাভিলিয়নে বাংলাদেশের এ রকম কিছু স্মৃতি, ছবি–চলচ্চিত্র–আর্কাইভাল ডকুমেন্টস দর্শনার্থীদের জন্য বিছিয়ে দেওয়া হয়েছে। আলোকচিত্রী মুনেম ওয়াসিফের শিল্পকর্ম এগুলো।

ধানের বীজের সায়ানটাইপ প্রিন্ট, অঙ্কন, ল্যান্ডস্কেপ উপস্থাপন করেছেন শিল্পী
ছবি: গ্যালারির ওয়েবসাইট থেকে

২৩ জুন অস্ট্রিয়ায় শুরু হয়েছে বাংলাদেশের মুনেম ওয়াসিফের একক প্রদর্শনী ‘জমিন ও জবান’। জার্মানভাষী অঞ্চলে এটি তাঁর প্রথম একক প্রদর্শনী। প্রদর্শনীর বাছাই–বিন্যাস করেছেন সোফি 'গল্টয'। যৌথভাবে এ আয়োজন করেছে স্ট্যাডগ্যালারিয়ান সালজবার্গ ও সামার একাডেমি। প্রদর্শনীতে আলোকচিত্র, চলচ্চিত্র, আর্কাইভাল ডকুমেন্টসগুলো উপস্থাপনার মাধ্যমে বর্তমান ও অতীত নিয়ে অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই আলোকচিত্রী।

মুনেম ওয়াসিফ দীর্ঘদিন ধরে কাজ করছেন বন্ধ পাটকল নিয়ে। এ নিয়ে বানিয়েছেন একটি নিরীক্ষাধর্মী চলচ্চিত্র। সেটিও দেখবেন প্রদর্শনীতে যাওয়া দর্শকেরা। দেখতে পাবেন পাটকলের যন্ত্রাংশ, দুর্ঘটনার বর্ণনা লেখা দলিল, বাংলায় যেখানে লেখা রয়েছে—‘গত ইং ৭–৭–৯২ তাং সকার ১০–২৫ ঘটিকায় ৭ নং মিশনিং ফ্রেম বন্ধ অবস্থায় বিদ্যুৎ–এর কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং ...।’

পৃথিবীর নানা প্রান্ত থেকে শিল্পী ও গবেষকেরা সামার একাডেমিতে পড়াতে যান। দুই সপ্তাহের জন্য মুনেম ওয়াসিফও যাবেন। এর আগে সেখানে আয়োজন করা হলো তাঁর প্রদর্শনী। আলোকচিত্রের নানামাত্রিক প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। এই প্রদর্শনীতেও সেই সাক্ষ্য রয়েছে।

মুনেম ওয়াসিফ
ছবি: সরকার প্রতীক

মুনেম ওয়াসিফ বলেন, ‘বেশ আগে ছাতকের কাছে একটা জায়গায় দেখলাম টিলা কেটে পাথর সংগ্রহ করছিল একদল শ্রমিক। কিশোরগঞ্জ, জামালপুর, দূরদূরান্ত থেকে আসা কৃষক তারা। খেতে কাজ নেই বলে পাহাড় কাটছে! তখন থেকেই ভেবেছিলাম কৃষি নিয়ে কাজ করব। টাঙ্গাইলের কৃষি আন্দোলন নয়া কৃষিতে গিয়ে দেখেছিলাম, ৩০০–৪০০ ধানের বীজ মাটিতে শুকাতে দিয়েছেন একদল কৃষক। তখনো জানতাম না, আমাদের অনেক ধানের বীজ আছে, যেগুলো সম্পর্কে আমার ধারণা ছিল না। ধানের বীজের সঙ্গে রয়েছে কত ধরনের জ্ঞান, অভিজ্ঞতা, ইতিহাস। আমাদের কৃষকেরা জানতেন মাটি লবণাক্ত হলে কোন বীজ, বন্যার সময় কোন বীজ বুনতে হবে, জামাই বেড়াতে এলে কোন চালের পায়েস দিতে হবে। আমরা সেই জ্ঞানগুলোকে স্বীকার করিনি। পরের প্রজন্মের হাতে তুলে দিইনি। বিদেশি সংস্থা বুঝিয়েছে জিন বদলে কিছু ধানের বীজ ব্যবহার করলেই ভাগ্য বদলে যাবে, আমরা তাদের সেই পথে হাঁটতে দিয়েছি। বীজ নিয়ে একটি ইনস্টলেশন রয়েছে প্রদর্শনীতে, যা কিনা আমাদের কৃষকদের সংগ্রামের টুকরো উপস্থাপনা।’

প্রদর্শনীতে রয়েছে সীতাকুণ্ডের একটি কারখানার ছবিটি
ছবি: সংগৃহীত

ভারত–বাংলাদেশ সীমান্তের ভূচিত্র, হারিয়ে যাওয়া বীজ ও পাটকলকে একসুতায় গেঁথেছেন মুনেম ওয়াসিফ তাঁর প্রদর্শনী ‘জমিন ও জবান’–এ। যেখানে বাংলা অঞ্চলের জমিনের সঙ্গে মানুষের সম্পর্ক তুলে ধরা হয়েছে। প্রদর্শনীটি চলবে ৪ আগস্ট পর্যন্ত।

মুনেম আলোকচিত্রশিক্ষার প্রতিষ্ঠান পাঠশালার শিক্ষক। পুরান ঢাকা নিয়ে তাঁর দীর্ঘ গবেষণামূলক কাজগুলোর একটি প্রদর্শনী নভেম্বর মাসে শুরু হবে ভারতের মুম্বাইয়ে। পরে ঢাকাতেও দেখা যাবে সেটি। এর আগে সেপ্টেম্বর মাসে ফ্রান্সের লিওন বিয়েনালে পাটকল নিয়ে একটি প্রদর্শনীতেও অংশ নেবেন তিনি।