অস্ট্রেলিয়ায় বোরকা ও নেকাব বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের উন্মুক্ত পাবলিক গ্যালারিতে বোরকা বা নেকাব পরিহিত নারীদের পৃথক স্থানে বসানোর সিদ্ধান্ত বাতিল করেছে দেশটির সরকার। পুরো মুখ ঢেকে থাকে এমন বোরকা বা নেকাবের ক্ষেত্রে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে এমন ক্ষেত্রে নিরাপত্তাকর্মীদের কাছে মুখ দেখাতে বলা হয়েছে। খবর বিবিসির।
এর আগে অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, সম্প্রতি অনুষ্ঠিতইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেশটির আইনসভার স্পিকার ব্রনউইন বিশপের হারের পেছনে পার্লামেন্ট ভবনে বোরকা পরিহিতদের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ভূমিকা রেখেছে। ব্রনউইন বিশপ ওই নিষেধাজ্ঞা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর এ কারণেই আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম দেশগুলোর সমর্থন পাননি তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক সংগঠন আইপিইউ।গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের প্রার্থী সাংসদ সাবের হোসেন চৌধুরী জয়ী হন। তিনি পান ১৬৯ ভোট। অপর দিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রনউইন বিশপ পান ৯৫ ভোট।
চলতি মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উন্মুক্ত পাবলিক গ্যালারিতে বোরকা পরিহিত নারীদের পৃথক স্থানে বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় পোশাক হিসেবে বোরকা বা নেকাবের পক্ষপাতি না হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট স্পিকার ব্রনউইন বিশপকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। স্পিকারের বিশেষ ভূমিকার কারণে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। মুসলমান নারীদের বৈষম্য করা হয়েছে বলে এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয়। অবশেষে ওই সিদ্ধান্ত বাতিল করা হলো।