অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন শেখ হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে অভিনন্দন জানিয়েছেন। তাঁকে পাঠানো এক অভিনন্দনবার্তায় শেখ হাসিনা বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশের সরকার এবং জনগণ ও আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ খবর বাসসের।
শেখ হাসিনা তাঁর বার্তায় বলেন, লিবারেল পার্টির নেতা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে টার্নবুলের নির্বাচিত হওয়ার মাধ্যমে তাঁর নেতৃত্ব ও বুদ্ধিমত্তার প্রতি দেশটির জনগণের এবং তাঁর দলের সদস্যদের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ককে খুবই গুরুত্ব দেয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে তাঁর দায়িত্ব পালনকালে উভয় দেশের বন্ধুত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে।