অস্ট্রেলিয়ার না আসাকে দুর্ভাগ্যজনক বলেছে ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে না আসার ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে তাঁরা বলেন, হঠাৎ করেই অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করে। সরকারের পরামর্শে অস্ট্রেলিয়া ক্রিকেট কর্তৃপক্ষ বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নেয়। অথচ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বাংলাদেশে সম্প্রতি এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে ওই দেশগুলো তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করতে পারে। বরং বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে এবং অত্যন্ত যোগ্যতার সঙ্গে জঙ্গিবাদের মোকাবিলা করছে। বিজ্ঞপ্তি।