চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট। গতকাল সোমবার দুপুরে আন্দরকিল্লায় নগর ভবনের মেয়র কার্যালয়ে যান তিনি। এ সময় মেয়র অস্ট্রেলিয়াকে চট্টগ্রামে বিনিয়োগ করার জন্য হাইকমিশনারের মাধ্যমে আহ্বান জানান মেয়র।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে আ জ ম নাছির অস্ট্রেলিয়ান হাইকমিশনারকে বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। নগরের জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামকে বিশ্বমানের নগরে রূপান্তর করার চেষ্টা চলছে। এ জন্য বিভিন্ন কর্মকাণ্ড চলছে।
সৌজন্য সাক্ষাতে হাইকমিশনার জুলিয়া নিবলেট বলেন, বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে। যা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।
মেয়র হাইকমিশনারকে ক্রেস্ট ও ফুল দিয়ে স্বাগত জানান। সাক্ষাতের সময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম প্রমুখ।