অস্ট্রেলিয়ার তিন শহরে বাংলাদেশের ১০ শিল্পীর ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন আর ক্যানবেরা—এই তিন শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ১০ শিল্পীর ছবির প্রদর্শনী। প্রথম প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে ২২ মার্চ মেলবোর্নে। উদ্বোধন করবেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারি অব অস্ট্রেলিয়া কাউন্সিলের চেয়ারম্যান অ্যালান জেমস মেয়ারস। ২৯ মার্চ সিডনির কুইন স্ট্রিট গ্যালারির ছবি প্রদর্শনীটির উদ্বোধন করবেন সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির  চ্যান্সেলর ও অ্যাকশন এইড অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জন ডোওড। আর ১ এপ্রিল ইউনিভার্সিটি অব ক্যানবেরার অ্যান হার্ডিং কনফারেন্স  সেন্টারে অনুষ্ঠিতব্য প্রদর্শনীটির উদ্বোধন করবেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার মাসুদউদ্দিন চৌধুরী।

অস্ট্রেলিয়ার তিন শহরে ১০ শিল্পীর ছবি প্রদর্শনী উপলক্ষে আজ সোমবার রাজধানী ঢাকার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম এবং বেঙ্গল গ্যালারির পক্ষে সুবীর চৌধুরী ও সরওয়ার জাহানসহ অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার দেশের এই ১০ জন শিল্পী অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন কাইয়ুম চৌধুরী, তাহেরা খানম, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুস শাকুর শাহ, ফরিদা জামান, রণজিত্ দাস, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা ও মোহাম্মদ ইকবাল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ছবির প্রদর্শনীগুলোতে এই ১০ জন শিল্পীর মোট ৪০টি ছবি প্রদর্শিত হবে।

এদিকে, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস সূত্রে জানা গেছে, বাংলাদেশের চিত্রকলাকে বহির্বিশ্বে পরিচিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করে থাকে। এ পর্যন্ত বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস নিউইয়র্ক, ব্রাসেলস, কানাডা, কোরিয়া, মালদ্বীপ, দুবাই, কলকাতা, আসাম, আগরতলাসহ বিভিন্ন শহরে প্রদর্শনী আয়োজিত হয়েছে। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের প্রদর্শনীটি।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন, এবিসিএক্স (অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনস) এবং আনন্দ-পাঠ, টাঙ্গাইলের সহযোগিতায় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এই প্রদর্শনীর আয়োজন করেছে। এ ছাড়া এতে সহযোগিতা করছে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই।