অস্ট্রেলিয়ার পথে ঝুঁকিপূর্ণ যাত্রা
কেবল হতদরিদ্র ও অশিক্ষিত মানুষজন নয়, শিক্ষিত তরুণেরাও সাগরপথে ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হচ্ছেন। তবে এঁরা মালয়েশিয়া বা থাইল্যান্ডে নয়, অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য ঘর ছেড়েছিলেন। অস্ট্রেলিয়ার জলসীমা থেকে দুই দফায় ফেরত পাঠানো এমন ৩৩ জন বাংলাদেশি এখন ইন্দোনেশিয়ার কুপাং শহরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ক্যাম্পে রয়েছেন।
এঁদের মধ্যে সর্বশেষ ২৫ জনের একটি গ্রুপকে ৩১ জুলাই ইন্দোনেশিয়ার পুলিশ আটক করেছে। এঁদের মধ্যে একজন নারীসহ ২৩ জন বাংলাদেশি নাগরিক। বাকিদের একজন পাকিস্তানি ও একজন মিয়ানমারের নাগরিক। এঁরা ছয় দিন অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্সের হাতে আটক ছিলেন। এরপর তাঁদের একই ট্রলারে তুলে ফেরত পাঠানো হয়।
এই ২৩ জনের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয় মুঠোফোনে। এঁদের কেউ এসএসসি কেউবা এইচএসসি পাস। একজন আছেন স্নাতক পাস। তাঁরা নিজেদের অর্থনৈতিক অভিবাসী বলে দাবি করেন। তাঁরা বলেন, উন্নত জীবন ও ভালো বেতনের প্রত্যাশায় অস্ট্রেলিয়ায় যেতে চেয়েছেন। এ জন্য তাঁরা ৮ থেকে ১০ লাখ টাকায় দালাল চক্রের সঙ্গে চুক্তি করেন। একজন ছাড়া অন্যরা কয়েক দফায় এ টাকা পরিশোধও করেছেন।
এঁদের মধ্যে আটজন বাংলাদেশের কক্সবাজার থেকে, ১৫ জন মালয়েশিয়া থেকে কাঠের ইঞ্জিন নৌকা বা ট্রলারে উঠেছেন। পৃথক ট্রলারে তাঁদের প্রথমে নেওয়া হয় ইন্দোনেশিয়ায়। এঁদের একজন নাটোরের সালমা সুলতানা (২৫)। তিনি প্রথম আলোকে বলেন, দুই বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে চাকরি করার সময় যোগাযোগ হয় অস্ট্রেলিয়ায় এক দালালের সঙ্গে। তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ায় পৌঁছানো পর্যন্ত ১০ লাখ টাকায় চুক্তি হয় সালমার।
সালমা বলেন, গত ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার উপকূল থেকে আরও অনেকের সঙ্গে তিনি ট্রলারে ওঠেন। তাঁদের ৩৩ জনের দলে বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। তাঁদের ইন্দোনেশিয়ায় নিয়ে একাধিক ভাগে ভাগ করে বিভিন্ন বাড়িতে রাখা হয়। কিছুদিন পর পর তাঁদের থাকার স্থান পরিবর্তন করা হয়। ঘর থেকে বের হতে দেওয়া হতো না। দরজা-জানালাও বন্ধ রাখতে হতো। বেশির ভাগ সময় তাঁদের জনবসতি কম এমন এলাকায় রাখা হতো। তারপরও পুলিশ যাতে টের না পায়, তার জন্য এ কড়াকড়ি মানতে হতো। তবে মুঠোফোনে দেশে কথা বলার সুযোগ ছিল তাঁদের। তিনি জানান, গত এপ্রিলে থাইল্যান্ডে সাগরপথে যাওয়া বাংলাদেশি ও রোহিঙ্গাদের গণকবর পাওয়ার কারণে তাঁদের অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা পিছিয়ে যায়। এ সময় কিছুদিন খাবারের কথা বলে কয়েক দফায় তাঁদের কাছ থেকে বাড়তি টাকা নেয় দালালেরা। তাঁদের স্বজনেরা বাংলাদেশ ও মালয়েশিয়ায় দালালদের লোকদের কাছে টাকা পৌঁছে দেন।
সালমার সঙ্গে মালয়েশিয়া থেকে ট্রলারে উঠেছিলেন ময়মনসিংহের মো. ইমরান। তিনি ১২ লাখ টাকায় দালালের সঙ্গে চুক্তি করেন। এর মধ্যে বিভিন্ন দফায় ১০ লাখ টাকা পরিশোধও করেছেন। তিনি বলেন, মালয়েশিয়ায় উপার্জনের জমানো সব টাকা ছাড়াও পরে বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা আনা হয়েছে।
এই ২৩ জন ইন্দোনেশিয়ায় পৌঁছান ভিন্ন ভিন্ন দালালের মাধ্যমে ভিন্ন ভিন্ন সময়ে। এর মধ্যে জানুয়ারিতে ৪ জন, ফেব্রুয়ারিতে ১১ জন, মার্চে ৪ জন, এপ্রিলে ৩ জন, ১ জন জুনে ইন্দোনেশিয়ায় পৌঁছান। তাঁদের সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান, মিয়ানমারসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন। ঈদুল ফিতরের দুই দিন আগে তাঁরা ট্রলারযোগে অস্ট্রেলিয়ার উদ্দেশে আবার সমুদ্রযাত্রা শুরু করেন।
সমুদ্রযাত্রার বর্ণনা দেন কুমিল্লার মো. আরাফাত। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা যাঁরা বাংলাদেশ থেকে সাগরে যাত্রা শুরু করেন, তাঁদের মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে প্রথমে চট্টগ্রামে নিয়ে রাখা হয়। কিছুদিন পর তাঁদের নেওয়া হয় কক্সবাজারে। সেখানকার সোনারপাড়ায় (উখিয়া) তাঁদের ছোট নৌকায় তুলে সেন্ট মার্টিনের দক্ষিণে শীলেরকুম (মিয়ানমারের জলসীমা) দিয়ে বড় ট্রলারে তোলা হয়। ওই বড় ট্রলারটি ৫৭ দিন একই এলাকায় অবস্থান করে। এ সময় বিভিন্ন সংখ্যায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের তোলা হয়। একপর্যায়ে ট্রলার ভর্তি হলে যাত্রা শুরু হয়। ছয় দিন ছয় রাত টানা চলার পর থাইল্যান্ড জলসীমার মধ্যে পৌঁছায়। সেখানে মালয়েশিয়ার যাত্রীদের ছোট ট্রলারে নামিয়ে দেওয়া হয়। এরপর অন্যদের নিয়ে ট্রলারটি ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। সেটা ছিল মার্চের দ্বিতীয় সপ্তাহ। তিন দিন চলার পর ইন্দোনেশিয়ার মেদান নামক স্থানে পৌঁছায়। সবাইকে তুলে দেওয়া হয় ইন্দোনেশিয়ার দালালের হাতে। তাঁদের বিভিন্ন স্থানে নিয়ে রাখা হয়।
আরাফাত জানান, পরে একপর্যায়ে তাঁরা আনোয়ার সাদিক নামে মিয়ানমারের বংশোদ্ভূত এক দালালের হাতে পড়েন। এই দালাল ২৩ বাংলাদেশিসহ ২৫ জনকে নিয়ে যান ইন্দোনেশিয়ার মাকাসার শহরে। কিছুদিন রাখার পর ঈদুল ফিতরের দুই দিন আগে ১৫ জুলাই তাঁদের ট্রলারে তোলা হয়। টানা আট দিন চলার পর তাঁরা অস্ট্রেলিয়ার জলসীমায় পৌঁছান। তখন সন্ধ্যার আগ মুহূর্তে অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স এবং ওই দেশের নৌবাহিনীর দুটি জাহাজ ট্রলারটিকে ঘিরে ফেলে। তাঁদের তোলা হয় অস্ট্রেলিয়ার একটি বড় জাহাজে। পরদিন বিকেলে সবার ছবি তোলা হয়। ওই জাহাজে ছয় দিন আটক রাখার পর তাঁদের আবার ট্রলারে তুলে দেওয়া হয়।
আরাফাত বলেন, ‘আমাদের কোথায় নেওয়া হচ্ছে, অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্সকে তা জিজ্ঞেস করি। তারা বলে, জানি না। এরপর আমাদের ট্রলারচালকদের জিজ্ঞেস করি। তাঁরা বলেন, আমরা অস্ট্রেলিয়ার ভেতরে যাচ্ছি। পরে বুঝতে পারি, আমাদের ইন্দোনেশিয়ার দিকে নেওয়া হচ্ছে। ট্রলারের চালকদের আচরণ ছিল সন্দেহজনক। পরে জেনেছি, অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স তাঁদের ঘুষ দিয়ে এবং ট্রলারে জ্বালানি দিয়ে আমাদের ফেরত পাঠিয়েছে। অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্সের জাহাজ দুটি কিছু দূর পর্যন্ত এগিয়ে দেয়।’
এরপর ৩১ জুলাই ইন্দোনেশিয়ার উপকূলে কুপাং এলাকায় এলে ইন্দোনেশিয়ার পুলিশ ট্রলারের ২৫ আরোহীকে আটক করে প্রথমে স্থানীয় থানায় এবং পরে কুপাং শহরের আইওএমের একটি আশ্রয়শিবিরে পাঠায়। আরাফাত, ইমরান ও সালমারা জানান, এই ক্যাম্পে আরও ১০ বাংলাদেশি আছেন। গত ৪ জুন অস্ট্রেলিয়ার উপকূল থেকে যে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠানো হয়েছিল, সেই দলে এই ১০ বাংলাদেশি ছিলেন।
কূটনৈতিক সূত্র এই ৩৩ জনের ব্যাপারে সেখানকার কর্তৃপক্ষ ইন্দোনেশিয়ার বাংলাদেশ দূতাবাসকে এখনো কিছু জানায়নি। একজন কর্মকর্তা বলেন, আইওএমের হেফাজতে থাকা ব্যক্তিরা যখন স্বেচ্ছায় দেশে ফিরতে চান, কেবল তখন তারা সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে জানায়, তার আগে নয়।
জানতে চাইলে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন প্রথম আলোকে বলেন, বাংলাদেশের কেউ বিপদগ্রস্ত হলে সেখানকার বাংলাদেশ দূতাবাস তাঁদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাসহ সর ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত আছে। তিনি আইওএমের সঙ্গেও যোগাযোগ করবেন বলে জানান।
সর্বশেষ আটক হওয়া ২৩ বাংলাদেশি হলেন নাটোরের এস এম আসাদ হোসেন, সালমা সুলতানা, মো. আতাউর রহমান, যাশোরের মামুন পারভেজ, মো. রাজু, হায়দার আলী, রুহুল আমীন, নজরুল ইসলাম, আবদুল আলীম, অহিদুজ্জামান, কুমিল্লার আরাফাত, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ জাহিদ, আলমগীর হোসেন, হবিগঞ্জের মোহাম্মদ রুবেল, মোহাম্মদ শাহিনূর, আবদুল আউয়াল, ময়মনসিংহের ইমরান হোসেন, মনজুরুল হক, শরীয়তপুরের শুকুর আলী, কক্সবাজারের সুমন কুমার, টাঙ্গাইলের আবদুল্লাহ আল সাদি, সিরাজগঞ্জের রফিকুল ইসলাম ও ঢাকার কেরানীগঞ্জের জনি হাওলাদার।