অস্ট্রেলিয়ার বন্দীশালায় বাংলাদেশিদের অনশন
অস্ট্রেলিয়ার ডারউইনের একটি বন্দীশালায় ১৮ বাংলাদেশি আশ্রয়প্রার্থীর একটি দল অনশন ধর্মঘট করছেন। ইয়ার রিনটোউল নামে শরণার্থী প্রক্রিয়া জোটের একজন আইনজীবী জানান, গত সোমবার থেকে তাঁরা এই অনশন করছেন এবং অনেকে পানি পান করতেও অস্বীকৃতি জানাচ্ছেন। অনশনকারীদের বেশির ভাগ প্রায় তিন বছর ধরে সেখানে বন্দী। স্কাই নিউজের খবরে এসব তথ্য জানানো হয়।
রিনটোউল বলেন, অনশনকারীদের মধ্যে পানিশূন্যতার কারণে গত বুধবার রাতে একজনকে হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে হাসপাতাল থেকে উইকহ্যাম পয়েন্ট ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া আরও দুজন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের বন্দীশালার ভেতরেই চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বন্দী থাকার পরও সংযুক্ত ভিসা না দেওয়ার কারণে তাঁরা ধর্মঘট করছেন। যদিও তাঁদের দাবির বিষয়টি এখনো বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে।
গত কয়েক সপ্তাহে সাময়িক ভিসা ইস্যু করে উইকহ্যাম পয়েন্ট থেকে ৮০ জনের মতো আশ্রয়প্রার্থীকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে মঙ্গলবারই মুক্তি পেয়েছেন ৩০ জন।
রিনটোউল বলেন, এতে আশ্রয়প্রার্থীরা মনে করছেন, তাঁদের সঙ্গে ‘স্পষ্ট বৈষম্য’ করা হয়েছে। তাঁরা কিছুই পাননি। তাঁদের সাময়িক ভিসা দেওয়া হয়নি। তাঁরা বছরের পর বছর তাঁদের মামলার ব্যবস্থাপকদের কাছ থেকে আশার কথা শুনেছেন। যাঁরাই দেখতে এসেছেন, সবার সঙ্গেই তাঁরা কথা বলেছেন। তাঁরা সাময়িক ভিসার জন্য আবেদনের চেষ্টা করেছেন। কেউ কেউ আবেদন করেছেনও; কিন্তু এখন পর্যন্ত তা পাননি। তাই এই পন্থা অবলম্বন করেই তাঁরা কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন।