অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র চালু করা হবে। এ ব্যাপারে ১০ অক্টোবর ইউনূস সেন্টার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। তাতে স্বাক্ষর করেন ড. মুহাম্মদ ইউনূস ও অধ্যাপক লেস ফিল্ড। ছবি ইউনূস সেন্টারের সৌজন্যে
সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র চালু করা হবে। এ ব্যাপারে ১০ অক্টোবর ইউনূস সেন্টার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। তাতে স্বাক্ষর করেন ড. মুহাম্মদ ইউনূস ও অধ্যাপক লেস ফিল্ড। ছবি ইউনূস সেন্টারের সৌজন্যে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামাজিক ব্যবসার ধারণাকে কাজে লাগিয়ে সামাজিক সমস্যা সমাধানই এই কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য। খবর ইউএনবির।
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৮ থেকে ১১ অক্টোবর অস্ট্রেলিয়া সফর করেন বলে গতকাল সোমবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাঁর এই সফরের সময়ই সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপনের এ ঘোষণা দেয়। ১০ অক্টোবর এই কেন্দ্র স্থাপনের জন্য অধ্যাপক ইউনূস ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক লেস ফিল্ড সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এছাড়া অধ্যাপক ইউনূস বাংলাদেশি আর্কিটেক্টস আয়োজিত দশম বার্ষিক সম্মেলনে যোগ দেন। তিনি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল ইমপ্যাক্ট আয়োজিত গোলটেবিল আলোচনায়ও অংশ নেন। গ্রামীণ অস্ট্রেলিয়া ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের এশিয়া লিংক আয়োজিত মধ্যাহ্নভোজে তিনি বলেন, ‘বেকারত্বের মহামারিতে আক্রান্ত তরুণ সমাজ। অথচ এর জন্য তারা দায়ী নয়। কেবল প্রচলিত ব্যবস্থার ত্রুটির জন্য তরুণ সমাজ তাদের মধ্যে থাকা উদ্যোক্তার ভূমিকাকে কাজে লাগাতে পারে না।’