বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বাংলাদেশে অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার গ্রেগরি আনাতলি উইলকক গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে জিল্লুর রহমান এ কথা বলেন। খবর বাসসের।বৈঠকে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত চার দশকে চমৎকারভাবে বিকশিত হয়েছে। অস্ট্রেলিয়া তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ থেকে বিশ্বমানের পাট ও চামড়াজাত পণ্য, সিরামিক, তৈরি পোশাক ও ওষুধ আমদানি করতে পারে।রাষ্ট্রপতি উল্লেখ করেন, অস্ট্রেলিয়ার নাগরিক ডব্লিউএএস ওডারল্যান্ড মহান স্বাধীনতাযুদ্ধে অসাধারণ অবদান রাখায় বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর প্রতীক’ পদকে ভূষিত করেছে। জলবায়ু পরিবর্তনের অভিযোজন প্রক্রিয়া ও অবকাঠামো উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।অস্ট্রেলিয়া ২০১১-১৩ সালে বাংলাদেশের জলবায়ু তহবিলের জন্য এক কোটি ৫০ লাখ অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ দিয়েছে।হাইকমিশনার উইলকক রাষ্ট্রপতিকে জানান, গত কয়েক বছরে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক ও ব্যবসায়িক কার্যক্রম ২০ শতাংশ বেড়েছে। তিনি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন নীতির প্রশংসা করেন। এ ছাড়া বাংলাদেশি ছাত্র ও পেশাজীবীদের বৃত্তির সংখ্যা বৃদ্ধিসহ সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলেও জানান তিনি।