অস্ট্রেলিয়ায় অনশন করছেন ১৮ জন বাংলাদেশি
অস্ট্রেলিয়ায় অনশন করছেন সে দেশে আশ্রয়প্রার্থী ১৮ জন বাংলাদেশি। দেশটির উত্তরাঞ্চলীয় ডারউইন এলাকার একটি বন্দিশিবিরে গত সোমবার থেকে এ অনশন শুরু হয়। শরণার্থী অধিকার আন্দোলনের কর্মীরা এ কথা জানিয়েছেন। খবর স্কাইনিউজের।
সিডনিভিত্তিক সংগঠন রিফিউজি অ্যাকশন কোয়ালিশনের মুখপাত্র ইয়ান রিনটুল বলেন, ওই অনশনকারীদের অনেকে পানি পর্যন্ত পান করতে চাইছেন না। তাঁদের প্রায় তিন বছর ধরে ডারউইনের ওই বন্দিশিবিরে রাখা হয়েছে। শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ায় অনশনকারীদের একজনকে গত বুধবার রাতে হাসপাতালে পাঠানো হয়। আরও দুজনকে বন্দিশিবিরেই চিকিৎসা দেওয়া হয়।
মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক: মালয়েশিয়ার কেদাহ্ রাজ্যের কয়েকটি কারখানা ও বাড়িঘরে গতকাল শুক্রবার এবং তার আগের দিন অভিযান চালিয়ে ২২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তাঁদের ১৫ জন বাংলাদেশি বলে স্থানীয় অভিবাসন দপ্তরের পরিচালক মোহাম্মদ ইউসরি হাশিম জানিয়েছেন। বাকিরা মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক।