অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিশুর বিরল অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়তি একটি পা নিয়ে জন্ম নেওয়া দুই বছর বয়সী এক বাংলাদেশি মেয়ে শিশুর জীবন পাল্টে দেওয়া এক অস্ত্রোপচার করেছেন মেলবোর্নের শল্যবিদেরা। এ ধরনের জটিল অস্ত্রোপচার বিশ্বে এই প্রথম। অস্ট্রেলিয়ার এসবিএস নিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চৈতি নামের ওই শিশুটি বাড়তি একটি পা নিয়ে জন্ম নিয়েছিল। ওই পা মেরুদণ্ডের নিচের অংশের সঙ্গে জোড়া লাগানো ছিল। ফলে পরীক্ষা-নিরীক্ষায় নানা জটিলতা ধরা পড়ে। মেলবোর্নের মোনাস চিলড্রেনস হসপিটালের শল্যবিদেরা সেটি সফলভাবে অপসারণ করেছেন। জটিল এই অস্ত্রোপচারে সময় লাগে সাত ঘণ্টা।

জন্মের পরপরই বাংলাদেশের একটি হাসপাতালে তৃতীয় ওই পা’টি আংশিকভাবে অপসারণ করা হয়। পরে শিশুটির মূত্রাশয় জটিলতা দেখা দেয়। পাশাপাশি শিশুটি চোখে দেখতেও সমস্যায় পড়ে।

বাংলাদেশে বস্তিতে চিকিৎসা সহায়তা দিতে কাজ করা অস্ট্রেলীয় সংস্থা চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশনের কর্মী অ্যাটম রহমান শিশুটির এই অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। চৈতির মা সিমা খাতুনকে সহায়তা করতে পুরো অস্ত্রোপচার প্রক্রিয়া থেকে শুরু করে সুস্থ হওয়া পর্যন্ত অ্যাটম রহমান অস্ট্রেলিয়ায় রয়েছেন।

অ্যাটম রহমান এসবিএস নিউজকে বলেন, ‘এই অস্ত্রোপচারটি শিশুটির জীবন পরিবর্তনকারী অস্ত্রোপচার। এটি না হলে সে সারা জীবন ভুগত। সে আংশিকভাবে অন্ধ ছিল। এখন সে সম্পূর্ণ মুক্ত।’
চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা দেওয়ার লক্ষ্যে উন্নয়নশীল দেশের শিশুদের নির্বাচন করে এবং সংশ্লিষ্ট শল্যবিদ ও অন্য চিকিৎসকদের সঙ্গে তাঁদের যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে।

মোনাস চিলড্রেনস হসপিটালের অস্ত্রোপচার বিভাগের প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর ড. ক্রিস কিম্বার চৈতির জটিল অস্ত্রোপচারের জন্য গত দুই মাস ধরে বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন। তিনি এসবিএস নিউজকে বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে।