তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, ‘আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। সব সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু রাজধানীকেন্দ্রিক না করে সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জে উন্মেষ সাংস্কৃতিক সংসদের তিন দিনব্যাপী ২০ বছর পূর্তি উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিচারপতি হাবিবুর রহমান আরও বলেন, ‘আমাদের রয়েছে অঞ্চলভিত্তিক সংস্কৃতি। নিজস্ব সংস্কৃতিকে টিকিয়ে না রাখতে পারলে দেশের অগ্রগতি ও উন্নয়ন সম্ভব নয়।’উন্মেষের সভাপতি প্রদীপ ঘোষের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াৎ আইভী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়। আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।