অস্তিত্বহীন গির্জার নামে চাল
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অস্তিত্বহীন গির্জার নাম দেখিয়ে বড়দিনের জন্য সরকারের বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তদন্ত শেষে গত ১২ মার্চ কোটালীপাড়া থানায় মামলা করেছেন।জানা গেছে, স্থানীয় উন্নয়ন সংগঠন ‘কোটালীপাড়া খ্রিষ্টীয় সমাজ উন্নয়ন পদক্ষেপ’-এর সভাপতি এরিক অমর মজুমদার মোট ২০টি ভুয়া গির্জার নামে চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। কোটালীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, কোটালীপাড়া খ্রিষ্টীয় সমাজ উন্নয়ন পদক্ষেপের সভাপতি এরিক অমর মজুমদার গত বছরের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়ার মাধ্যমে ধর্মমন্ত্রীর কাছে জেলার ১২৬টি গির্জায় বড়দিন উদ্যাপনের জন্য অনুদান প্রার্থনা করে একটি আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে গোপালগঞ্জ জেলার ১২৬টি গির্জায় চাল-গম বরাদ্দ দেওয়া হয়। এই তালিকায় কোটালীপাড়া উপজেলার ৮৪টি গির্জার নাম ছিল। এর মধ্যে পাঁচটি কোটালীপাড়া উপজেলার ভৌগোলিক সীমানার মধ্যে নয়। কিন্তু অমর মজুমদার ওই সব গির্জার নাম দাখিল করেন। এর মধ্যে চারটি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় অবস্থিত ও একটি টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত। রাজৈর উপজেলার গির্জাগুলো হলো: হিজলবাড়ী ব্যাপ্টিস্ট চার্চ, নবগ্রাম ব্যাপ্টিস্ট চার্চ, আমগ্রাম ব্যাপ্টিস্ট চার্চ, চলবল ব্যাপ্টিস্ট চার্চ। পাথরঘাটা চার্চ অব বাংলাদেশ টুংগীপাড়া উপজেলায় অবস্থিত। ওয়াইএমসিএ ব্যাপ্টিস্ট চার্চ একটি অস্থিত্বহীন গির্জা। এ নামে কোটালীপাড়া উপজেলায় কোনো গির্জা নেই। তালিকায় ১৪টি খ্রিষ্টীয় সমাজ উন্নয়ন পদক্ষেপ নামের সংগঠনকে গির্জা হিসেবে উল্লেখ করা হয়েছে।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন, খ্রিষ্টীয় সমাজ উন্নয়ন পদক্ষেপ মূলত কোনো গির্জা নয়। এটি খ্রিষ্টান সমপ্রদায়ভুক্ত মানুষের একটি সংগঠন। ১৪টি সংগঠনকে গির্জা হিসেবে দেখিয়ে প্রতিটির নামে এক টন করে চাল উত্তোলন করে এরিক অমর মজুমদার আত্মসাৎ করেছেন।এরিক মজুমদার মুঠোফোনে বলেন, ‘আমার জানা ছিল না যে অন্য উপজেলার প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নেওয়া যায় না। আমার প্রতিষ্ঠানের নাম একটি। কিন্তু শাখা আছে অনেক। সেগুলোর নামে বরাদ্দ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামলার বিষয়টি বলেননি।’ কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির মাহমুদ বলেন, এরিক মজুমদার ভুয়া তালিকা তৈরি করে প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।