খাগড়াছড়ি জেলায় ২০১১-১২ অর্থবছরে সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত টিআর ও কাবিখা বরাদ্দের অধিকাংশই অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে দলের লোকজন বণ্টন করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা দাবি করেন, বরাদ্দের অধিকাংশ প্রকল্পই বাস্তবায়িত হয়েছে।জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থবছরে সংসদ সদস্যের অনুকূলে দুই পর্যায়ে টিআর ও কাবিখার জন্য মোট এক হাজার ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। এই বরাদ্দের চাল উপজেলাভিত্তিক বণ্টন করা হয়েছে। উপজেলার প্রকল্পগুলো বাস্তবায়ন তদারকি ও বরাদ্দ ছাড় দেওয়ার বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারাই সম্পন্ন হয়েছে। সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দ করা ২০১১-১২ অর্থবছরের সদর উপজেলায় টিআর ও কাবিখা বরাদ্দ দেওয়া হয়েছে দুই পর্যায়ে মোট ১৬০ মেট্রিক টন। সংসদ সদস্যের টিআর ও কাবিখা বরাদ্দের অনুকূলে কী কী প্রকল্প বাস্তবায়িত হয়েছে, প্রকল্পগুলোর অবস্থান কোথায় জানতে চাওয়া হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ এ এস এম হাবিবুর রহমান হাকিম কোনো ধরনের তথ্য দিতে সরাসরি অস্বীকার করেন।সদর উপজেলার অধীনে পাঁচটি ইউনিয়ন রয়েছে। এই পাঁচটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, গোলাবাড়ি ইউনিয়নে একটি প্রকল্পের অনুকূলে ১০ মেট্রিক টন, কমলছড়ি ইউনিয়নের তিনটি প্রকল্পের অনুকূলে মোট ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। এই চারটি প্রকল্প ছাড়া আর কোনো প্রকল্পের হদিস পাওয়া যায়নি। একইভাবে মাটিরাঙ্গা উপজেলায় ১৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দের অনুকূলে অসংখ্য প্রকল্পের মধ্যে আলুটিলা পর্যটন বটগাছের সৌন্দর্যবর্ধন, মাটিরাঙ্গা অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদের গাড়ি গ্যারেজ নির্মাণের মতো প্রকল্পগুলোও রয়েছে। অথচ এই বরাদ্দের লক্ষ্য হলো গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, অবকাঠামো সংস্কার, যা দিয়ে গ্রামীণ দরিদ্র জনগণের কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্যের ভারসাম্য রক্ষা করা। কিন্তু উল্লিখিত প্রকল্পের সঙ্গে গ্রামীণ জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এ ছাড়া মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা ইউনিয়নের ‘বাইল্যাচন্দ্র বাড়ি হতে বিজেপি রাস্তা হইয়া রামকোলা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার’ প্রকল্পের কোনো হদিস পাওয়া যায়নি। মাটিরাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হিরঞ্জয় ত্রিপুরা বলেন, এ ধরনের প্রকল্পের খবর তিনি জানেন না।মহালছড়ি উপজেলার অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে ১২২ মেট্রিক টন। এ উপজেলায় কাবিখা প্রকল্পগুলো (এ ধরনের প্রকল্পে বরাদ্দ বেশি) বাস্তবায়ন করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে কাবিখা বরাদ্দ থেকে ‘চৌধুরীপাড়া বহুমুখী কৃষি সমবায় সমিতির বাঁধ ও সেচ ড্রেন নির্মাণ’ নামে (পাঁচ মেট্রিক টন) একটি প্রকল্প নেওয়া হয়।সরেজমিন ঘুরে দেখা যায়, বাঁধ নির্মিত হয়েছে ঠিকই, কিন্তু কোনো সেচনালা নির্মাণ করা হয়নি। এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নীলোৎপল খীসা। এ ছাড়া একই ইউনিয়নের ‘চাইপ্রু কার্বারী পাড়া হইতে পথেপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার’ এবং ‘মাইচছড়ি ডিবিপাড়া সলিং রাস্তা থেকে বৌদ্ধমন্দির পর্যন্ত রাস্তা সংস্কার’ দুটি প্রকল্পের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। শেষের প্রকল্পটির প্রকল্প চেয়ারম্যান ছিলেন মাইচছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন।এ প্রসঙ্গে সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, দু-একটি প্রকল্প হয়তো এদিক-ওদিক হয়েছে। অধিকাংশই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অসংখ্য প্রকল্প ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে প্রস্তাব আসে। সেসব প্রকল্পের উপযোগিতা আছে কি নেই, তা দেখার সময় ও সুযোগ নেই। আমি সেসব প্রস্তাবিত প্রকল্প অনুমোদন দিয়ে দিই।’