অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে ইজারা ধ্বংসের পথে মৎস্য খামার
মাছের পোনা উৎপাদনের অন্যতম প্রতিষ্ঠান দিনাজপুরের বিরামপুর উপজেলার ‘চরকাই মৎস্য বীজ উৎপাদন খামার’ ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে। একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ায় খামারটির এই করুণ অবস্থা হয়েছে। এতে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় মাছের পোনার সংকট প্রকট আকার ধারণ করেছে।বিরামপুর মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, বিরামপুর পৌর শহরের চকপাড়া গ্রামে আট একর ৬৬ শতক জমিতে গড়ে তোলা এই খামারে একটি হ্যাচারি, চারটি ভবন ও আটটি পুকুর আছে। মৎস্য অধিদপ্তর এটিসহ দেশের আটটি মৎস্য বীজ উৎপাদন খামার বেসরকারি খাতে ইজারা দেওয়ার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ১৯৯৮ সালের ১ জানুয়ারি ১৫ বছরের জন্য মাত্র তিন লাখ এক হাজার ৬০০ টাকায় রাজবাড়ির বালিয়াডাঙ্গি উপজেলার ‘আসফাক’ নামের একটি বেসরকারি সংস্থাকে এটি ইজারা দেওয়া হয়।নাম প্রকাশে অনিচ্ছুক বিরামপুর মৎস্য কার্যালয়ের এক কর্মচারী জানান, ইজারাগ্রহীতা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা এই খামারে একবার এসেছিলেন। তিনি ওই সময় খামারের পুকুরগুলো বিধিবহির্ভূতভাবে বিরামপুর পৌর শহরের চকপাড়ার মামনুর রশীদ, জুলফিকার আলী ও মানুষমুড়ার এনামুল হককে সাব ইজারা দেন।মামনুর রশীদ, জুলফিকার আলী ও এনামুল হক পুকুরগুলো ইজারা নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তাঁরা ওই কর্মকর্তার নাম ও সংস্থার ঠিকানা জানাতে রাজি হননি।সরেজমিনে দেখা গেছে, ইজারা দেওয়ার পর খামারের পরিত্যক্ত ভবনগুলোর দরজা, জানালা, ইটসহ মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। এ ছাড়া হ্যাচারির পানির পাম্প, ট্যাংকিসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়ে গেছে।বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, এ চার উপজেলায় বছরে দুই কোটি ৪৩ লাখ পোনার চাহিদা আছে। কিন্তু এসব উপজেলার বিভিন্ন পুকুরে মাত্র এক কোটি ৩৫ লাখ পোনা উৎপাদন হয়। এ বিপুল পরিমাণ ঘাটতি পূরণের জন্য এসব উপজেলার মাছচাষিদের বগুড়া, নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে মাছ সংগ্রহ করতে হয়।বিরামপুর উপজেলার শিমুলতলী মৎস্য সমবায় সমিতির সভাপতি ইমদাদুল হক জানান, দূর থেকে পোনা এনে মাছ চাষ করায় উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যায়। তা ছাড়া পর্যাপ্ত পরিমাণ পোনাও সব সময় পাওয়া যায় না। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও এই এলাকায় মাছ চাষ বিকাশ লাভ করছে না।নবাবগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের সহকারী মাঠ কর্মকর্তা মো. আবদুল লতিফ জানান, এ অঞ্চলে মাছ চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। কিন্তু পোনার অভাবে তাঁরা চাহিদা অনুযায়ী মাছ উৎপাদন করতে পারছেন না।বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম জানান, এলাকার মাছচাষিদের প্রয়োজনের কথা ভেবে দ্রুত ইজারা বাতিল করে খামারটি পুনরায় সরকারি ব্যবস্থাপনায় আনা দরকার।দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান ফেরদৌস জানান, ইজারা পাওয়ার পর ইজারাগ্রহীতা সংস্থা মৎস্য কার্যালয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। পরিশোধ করেনি ভূমি উন্নয়ন কর। ভূমি উন্নয়ন করের বকেয়া ২৩ হাজার ৮৩০ টাকা পরিশোধের জন্য গত ১০ ফেব্রুয়ারি ডাকযোগে চিঠি পাঠানো হয়েছিল। চিঠিটি ফেরত এসেছে। এ ছাড়া সংস্থাটি নিয়ম লঙ্ঘন করে খামারের পুকুরগুলো সাব ইজারা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।