অস্তিত্বহীন প্রতিষ্ঠানে টিআরের বরাদ্দ, তিনবারই আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর বাজারের ঠিকানায় অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের নামে তিনবার টিআরের বরাদ্দ দিয়ে আত্মসাৎ করা হয়েছে।শালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী ফারুক আহমেদ এই আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, সর্বশেষ গত জুনে ‘বঙ্গবন্ধু গণগ্রন্থাগার’ দেখিয়ে ওই প্রতিষ্ঠানের নামে স্থানীয় আওয়ামী লীগের দলীয় সাংসদ এস কে আবু বাকেরের বিশেষ বরাদ্দ থেকে ২৬ হাজার টাকা দেওয়া হয়।গণগ্রন্থাগারের সহসভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. এখলাচুর রহমান মোল্লা বলেন, গত ১০ বছরে এটির কোনো মেরামত বা উন্নয়ন হয়নি। অথচ চলতি সরকারের সময়ে তিনবারে বরাদ্দ ২৬ হাজার টাকা, দুই টন গম ও এক টন চাল প্রকল্প সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী ফারুক আহমেদ আত্মসাৎ করেছেন। কখনো বঙ্গবন্ধু গণগ্রন্থাগার আবার কখনো শিয়েরবর বঙ্গবন্ধু পরিষদ সংস্কারের নামে এ বরাদ্দ নেওয়া হয়েছে। এখলাচুর রহমান মোল্লা জানান, এর আগের আওয়ামী লীগের আমলে (১৯৯৬-২০০১) টিআর বরাদ্দের অর্থে এর নির্মাণ শুরু হয়। ওই আমলের পর আর কাজ হয়নি ও গণগ্রন্থাগারের কোনো কার্যক্রমও কখনো পরিচালিত হয়নি।সরেজমিনে দেখা গেছে, শিয়েরবর বাজারের মধ্যে পূর্বপাশে ছোট ঘর আকৃতির চারদিক দিয়ে দেয়াল ওঠানো একটি স্থাপনা। ছাদের অনেক বাকি। খোঁজ নিয়ে জানা গেল, এখানে বঙ্গবন্ধু গণগ্রন্থাগারের নামে সাইনবোর্ড ছিল। এখন সেটিও নেই। নেই নিজস্ব জমি। বাজারের জায়গায় উঠেছে এটি। গ্রন্থাগার-সংক্রান্ত কোনো কার্যক্রম এখানে হয় না। স্থানীয় ইউপি সদস্য মো. আনিচুর রহমান বলেন, এখানে গ্রন্থাগারের কোনো কার্যক্রম হয় না। টিআরের বরাদ্দ লুটপাট করতেই এই অস্তিত্বহীন প্রকল্প দাঁড় করানো হয়েছে। কাজী ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বরাদ্দ নিয়ে কী করেছি তা অফিসের সঙ্গে আমি বুঝব। এ নিয়ে আপনার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না।’ পিআইও সৈয়দ মো. আজিম উদ্দিন এসব বরাদ্দের কথা স্বীকার করে অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘আর যাতে বরাদ্দ না হয় সে ব্যাপারে সতর্ক থাকব।’লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান বলেন, বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে টিআর বরাদ্দ নিয়ে তা আত্মসাৎ করা অনভিপ্রেত।