অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে চাল বরাদ্দ!
বরগুনা সদর উপজেলায় সরকারি সহায়তার (জিআর) ৩৪ টন চালের অধিকাংশই অস্তিত্বহীন কয়েকটি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার নামে তুলে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জেলা ত্রাণ কর্মকর্তার দাবি, নীতিমালা মেনেই এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সেগুলো যাচাই-বাছাই করা হয়নি।বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ শাখা থেকে গত বছরের ২৬ নভেম্বর একটি পত্রের মাধ্যমে সদর উপজেলার ৩৪টি দাখিল মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার নামে ৩৪ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে সদর উপজেলা পিআইও চলতি বছরের শুরুতে এসব প্রতিষ্ঠানের অনুকূলে এসব চাল বরাদ্দ দেন।খোঁজ নিয়ে জানা যায়, গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা কেরাতিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, কেওড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ লতাবাড়িয়া ইসলামিয়া শিশুসদন, ঢলুয়া ইউনিয়নের খাজুরা কারিমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, খাজুরা কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, খাজুরা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের নামে এক টন করে চাল তুলে নেওয়া হয়েছে। কিন্তু এই নামের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। দক্ষিণ খাজুরা কওমিয়া মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও অন্য তিনটি প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। এলাকার লোকজন জানায়, এ এলাকায় ওই নামের কোনো প্রতিষ্ঠান নেই। ওই তিনটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করা চাল তুলে নিয়েছেন খাজুরা সালেহিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ। ভুয়া প্রতিষ্ঠানের নামে তোলার বিষয়ে তিনি বলেন, ‘কাগজপত্র না দেখে কিছু বলতে পারব না।’বুড়িরচর ইউনিয়নে পূর্বহাজারবিঘা বটতলা শিশুসদন ও পূর্ব হাজারবিঘা বটতলা সিনিয়র মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং একটি প্রতিষ্ঠান হলেও বরাদ্দপত্রে দুটি প্রতিষ্ঠান দেখিয়ে দুই টন চাল তুলে নিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সালাম। মাদ্রাসায় গিয়ে দেখা যায়, আবদুস সালামের নিজ বাড়ির মধ্যে একটি ঘরে মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার পৃথক তিনটি সাইনবোর্ড লাগানো। কথিত মাদ্রাসার ঘরটি তালাবদ্ধ। লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার সাইনবোর্ড থাকলেও সেখানে কোনো শিক্ষার্থীর অস্তিত্ব পাওয়া যায়নি। মোবাইল ফোনে সালাম জানান, ‘মাদ্রাসার শিশুসদনে ছয়-সাতজন শিশু আছে। আর লিল্লাহ বোর্ডিংয়ের সাইনবোর্ড লাগিয়ে রেখেছি, কার্যক্রম নেই।’নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি মাদ্রাসার প্রধানেরা জানান, সরকারি বরাদ্দের চাল যেসব মাদ্রাসার নামে বরাদ্দ দেওয়া হয় তার অধিকাংশই অস্তিত্বহীন। আর যেসব মাদ্রাসা আছে, তাতেও শিক্ষার্থী নেই। সদর উপজেলা পিআইও আবু সিদ্দিক বলেন, ‘আমি যে তালিকা পেয়েছি, সে অনুযায়ী ওইসব প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই করে বরাদ্দ দিয়েছি।’ জেলা ত্রাণ কর্মকর্তা মো. আবু বকর বলেন, ‘সমাজকল্যাণ বিভাগের নিবন্ধন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে এই বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সেগুলো যাচাই করে দেখা হয়নি।’