অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে চিনি বরাদ্দ
জয়পুরহাট চিনিকল থেকে অস্তিত্বহীন শিল্পপ্রতিষ্ঠানের নামে চিনি তুলে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। চিনিকলে ৩৪টি প্রতিষ্ঠানের তালিকা থাকলেও বাস্তবে একটি প্রতিষ্ঠান খুঁজে পাওয়া গেছে। অথচ জেলায় চালু থাকা অনেক শিল্পপ্রতিষ্ঠান চিনি বরাদ্দ পায়নি। জয়পুরহাট চিনিকল লিমিটেডের প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন থেকে জেলার ৩৪টি ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠানের নামে চিনি বরাদ্দ করা হয়েছে। প্রতি মাসে ওই শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা চিনি তুলছেন। এর মধ্যে সদরে সাত ও আক্কেলপুরে ২৭টি শিল্পপ্রতিষ্ঠান আছে। চিনিকল সূত্র জানা গেছে, এই ৩৪টি প্রতিষ্ঠানের মালিক গত জুন মাসে ৫০ কেজি করে, জুলাই মাসে ০.৫০ মেট্রিক টন (অর্ধ মেট্রিক টন) করে মোট ১৭ মেট্রিক টন এবং আগস্ট মাসে ০.৬০ মেট্রিক টন করে (২০.৪ মেট্রিক টন) চিনি থেকে তুলেছেন। ওই মালিকেরা চিনিকল থেকে প্রতি কেজি চিনি ৫৩ টাকায় কিনছেন। বাজারে প্রতি কেজি চিনি ৬৬ টাকায় বিক্রি হচ্ছে।চিনিকল সূত্রে আরও জানা গেছে, সদর উপজেলার দুর্গাদহ বাজারের মেসার্স রাব্বি কনফেকশনারি, মেসার্স পলাশ লজেন্স ফ্যাক্টরি, মেসার্স বিসমিল্লাহ সুইট অ্যান্ড বেকারি, জয়পুরহাট শহরের মেসার্স মিনি লজেন্স ফ্যাক্টরি, মেসার্স মীনা লজেন্স, মীনা কনফেকশনারি ও মেসার্স হ্যাপী কনফেকশনারি নামে চিনি তোলা হয়েছে। সরেজমিনে এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আক্কেলপুর উপজেলায় ২৭টি প্রতিষ্ঠানের নামে চিনি তোলা হয়েছে। এগুলো হচ্ছে—রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজারের মেসার্স জামাল ফুড প্রোডাক্টস, মেসার্স হক, মেসার্স আ. রউফ, মেসার্স কাবিল উদ্দিন বেকারি, আশা সুইট, মিতু ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, ময়না লজেন্স ফ্যাক্টরি, সাথী কনফেকশনারি, সোহেল সুইটমিট অ্যান্ড লজেন্স ফ্যাক্টরি, শিউলী মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড লজেন্স ফ্যাক্টরি, সুখী ফুড প্রোডাক্টস, নাসির ফুড প্রোডাক্টস, সোবেদা ফুড প্রোডাক্ট, মরিয়ম বেকারি অ্যান্ড কনফেকশনারি, সবুজ বেকারি, এ. আর লজেন্স ফ্যাক্টরি, বিউটি বিস্কুট ফ্যাক্টরি, শিমুল বেকারি, নিপা লজেন্স ফ্যাক্টরি, জলি বেকারি, আকন্দ লজেন্স ফ্যাক্টরি; আক্কেলপুর বাজারে জামিল উদ্দিন বেকারি, আলম সুইটমিট অ্যান্ড লজেন্স ফ্যাক্টরি, তাজ সুইট অ্যান্ড লজেন্স ফ্যাক্টরি, মণ্ডল বেকারি, সুলতান বেকারি এবং তিলকপুর বাজারের মেসার্স আফজাল বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি। এর মধ্যে শুধু আফজাল বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি চালু আছে। অন্যগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আক্কেলপুর বাজারের রনি বেকারির মালিক মতিয়র রহমান জানান, আক্কেলপুর বাজারে রনি বেকারি, পান্না বেকারি ও আসলাম বেকারি নামের তিনটি ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান চালু আছে। কিন্তু সরকারিভাবে এরা কোনো চিনি বরাদ্দ পায় না। সদর উপজেলায়ই এ রকমের ১২টি প্রতিষ্ঠান আছে। আক্কেলপুরের রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী জানান, তাঁর ইউনিয়নের জামালগঞ্জ বাজারে বেশ কয়েক বছর আগে দুই-তিনটি বিস্কুট ও রুটি তৈরির কারখানা ছিল। বর্তমানে ওইগুলো বন্ধ রয়েছে।জামালগঞ্জ বাজারের মেসার্স কাবিল উদ্দিন বেকারির মালিক কাবিল উদ্দিন আকন্দ এবং আবদুর রউফ বেকারির মালিক রওশন হাবিব চৌধুরী জানান, তাঁরা তাঁদের প্রতিষ্ঠানের নামে চিনি তুলেছেন। অস্তিত্ব না থাকার পরও কীভাবে চিনি তোলা হয়েছে, তা জানতে চাইলে তাঁরা দাবি করেন, তাঁদের প্রতিষ্ঠান চালু আছে। জামালগঞ্জ বাজারে গিয়ে ওই দুটি বেকারি খুঁজে পাওয়া যায়নি। জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্লাহ বলেন, ওইসব প্রতিষ্ঠান চিনি তুলে কী করে তা তাদের দেখার আওতায় পড়ে না। বিষয়টি তদারকির দায়িত্ব বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস জানান, চিনি তুলে কোনো ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠান যদি বিক্রি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।