অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সরকারি অনুদান!
জয়পুরহাটের কালাই উপজেলায় অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের নামে মিলেছে সরকারি অনুদান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে ‘নারী উন্নয়ন পাঠাগার’ নামে ওই অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সাড়ে ১১ হাজার টাকার অনুদানের চেক পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে পাঠানো ওই অনুদানের চেক হস্তান্তর করতে গিয়ে বেশ কিছুদিন ধরে খুঁজে প্রতিষ্ঠানটির অস্তিত্বই পায়নি উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক রফিক আজাদের স্বাক্ষরিত বরাদ্দ আদেশের পরিপ্রেক্ষিতে নারী উন্নয়ন পাঠাগারের অনুকূলে সাড়ে ১১ হাজার টাকার একটি চেক ২২ জানুয়ারি উপজেলা প্রশাসনের কাছে আসে। কিন্তু ওই নামে কোনো প্রতিষ্ঠান খুঁজে না পেয়ে উপজেলা প্রশাসন গত বুধবার চেকটি মন্ত্রণালয়ে ফেরত পাঠায়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাওছার রহমান বলেন, ‘নারী উন্নয়ন পাঠাগার’ নামে উপজেলায় কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহিম বলেন, ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো অনুদানের ওই চেক হস্তান্তরের জন্য কাউকে খুঁজে পাওয়া যায়নি। গোটা উপজেলা তন্ন তন্ন করে খুঁজেও ওই প্রতিষ্ঠানটির সন্ধান মেলেনি। বাধ্য হয়ে চেকটি মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।’