অস্তিত্বহীন হাটের ইজারা, শেড নির্মাণে অপচয়ের অভিযোগ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের অফিসের হাটের জায়গা বেদখল হওয়ায় ২৬ বছর ধরে সেখানে হাট বসছে না। হাটের কোনো অস্তিত্বই নেই। অথচ উপজেলা পরিষদ হাটটি প্রতিবছর ইজারা দিচ্ছে। এমনকি অস্তিত্বহীন হাটে শেড নির্মাণের নামেও অর্থ অপচয় করা হচ্ছে। ওই হাট ইজারা নিয়ে অন্য একটি অবৈধ কলার হাট থেকে টোল আদায় করছেন ইজারাদার। গত সোমবার হাটে গিয়ে দেখা গেছে, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি হাটের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ করেছেন। এ কারণে হাটের জায়গা সংকুচিত হয়ে মাত্র কয়েক হাত জায়গা ফাঁকা পড়ে আছে। হাটের শেড দুটিও দখলদারদের ব্যক্তিগত কাজে ব্যবহূত হচ্ছে। উপজেলা ভূমি কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরের জামালপুর ও হরিণমারি এলাকায় ১ দশমিক ৮১ একর জমিতে ব্রিটিশ আমলে হাটটি গড়ে ওঠে। ঢাকা-রংপুর মহাসড়ক ও পলাশবাড়ী থানা ভবন ঘেঁষে এর অবস্থান। স্থানীয়ভাবে এটি অফিসের হাট নামে পরিচিত। উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা ও জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি একরাম হোসেন জানান, ব্রিটিশ আমলে গড়ে ওঠার পর থেকেই এখানে প্রতি সোম ও বৃহস্পতিবার হাট বসত। কিন্তু নানা কারণে ১৯৮৫ সাল থেকে এখানে হাট বসা বন্ধ হয়ে যায়। পরে চারদিক থেকে হাটের জায়গা দখল হতে থাকে।অবৈধ দখলদার উপজেলা সদরের জামালপুর এলাকার রূপচান, রনজু মিয়া, তোফাজ্জল মিয়া, হুমায়ুন কবির বলেন, ‘আমরা ওই জায়গা সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ঘরবাড়ি নির্মাণ করেছি। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলছে।’ উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো ইমরুল হোসেন বলেন, ‘গত ২৬ বছরে হাটের জায়গা কাউকে ইজারা দেওয়া হয়নি। আগে দেওয়া হয়েছে কি না, সেটা আমার জানা নেই।’ অস্তিত্বহীন হাট ইজারা দেওয়া প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুন নাহার বলেন, ‘হাটটি বসে কি না, তা আমার জানা নেই। তবে প্রতিবছরের মতো এবারও ইজারা দেওয়া হয়েছে। এদিকে হাটের কার্যক্রম না থাকলেও উপজেলা পরিষদ হাটটির নাম ব্যবহার করে প্রতিবছর ইজারা দিয়ে আসছে। চলতি বছরেও পাঁচ লাখ ১২ হাজার টাকা ইজারা দেওয়া হয়। কিন্তু হাটের জায়গায় হাট না বসায় ইজারাদার মোমিনুল ইসলাম ইজারার টাকা তুলতে ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা কলারহাট থেকে টোল আদায় করছেন।পলাশবাড়ী মহিলা কলেজের প্রভাষক শামিকুল ইসলাম জানান, মহাসড়কে কলারহাট বসায় যানজট এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অথচ হাটের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সেখানে কলার হাট বসানো যায়। ইজারাদার মোমিনুল ইসলাম জানান, বৈধভাবে হাটের ইজারা নিয়েছি। প্রকৃত হাটের জায়গায় হাট বসানোর কোনো সুযোগ নেই। তাই প্রশাসনের অনুমতি নিয়ে কলার হাট থেকে টোল আদায় করছি। তিনি হাটটি পুনরুদ্ধারের দাবি জানান।অন্যদিকে, হাটের অস্তিত্ব না থাকলেও উপজেলা প্রশাসন হাট সংস্কারের নামে লাখ লাখ টাকা অপচয় করছে বলে অভিযোগ উঠেছে। কয়েক বছর আগে এখানে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে দুটি শেড নির্মাণ করা হয় বলে উপজেলা প্রকৌশল বিভাগ জানায়। এই শেড দুটিও বেদখল হয়ে গেছে। এবার আরও একটি শেড নির্মাণের জন্য ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে শেড নির্মাণের জন্য ৩৫ হাজার টাকা অগ্রিম তুলে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য উপজেলা পরিষদ প্রকল্প সভাপতি পলাশবাড়ী সদর ইউপি সদস্য কহিনুর বেগমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। উপজেলা প্রকৌশলী শামসুজ্জামান ওই প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শেড নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। বেদখল হওয়া হাটে টাকা অপচয় প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদ চৌধুরী জানান, হাটটি চালু করার জন্য নতুন শেড নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কলার হাটটি অফিসের হাটে ছিল। সেখানে স্থান সংকুলান না হওয়ায় তা মহাসড়কে চলে গেছে। তিনি বলেন, আদালতে মামলা থাকার কারণে হাটের জায়গা অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ করা যাচ্ছে না।