স্থানীয় নির্বাচন হলেও জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের জয়-পরাজয়কে স্থানীয় সাংসদ এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সম্মান রক্ষা হিসেবে প্রচার করছে আওয়ামী লীগ। এ জন্য যেকোনোভাবে জেতার চেষ্টার অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে।
অন্যদিকে বিএনপি এই নির্বাচনকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে প্রচার করছে। এ জন্য কোন্দল ভুলে একজোট হয়ে কাজ করছে তারা। গতকাল শুক্রবার মাদারগঞ্জের রাজনৈতিক নেতা ও বেশ কয়েকজন সচেতন মানুষের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে। ৩১ মার্চ এখানে নির্বাচন হবে।
তবে বিএনপি এই নির্বাচনে কারচুপির আশঙ্কা করছে। বিএনপির পক্ষ থেকে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিয়োগে দলীয়করণের অভিযোগ করা হয়েছে। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান ফায়েজুল ইসলামের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে ১৬ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২৩ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও কয়েকজন পোলিং কর্মকর্তার বিষয়ে লিখিতভাবে আপত্তি জানানো হয়েছে।
ফায়েজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই সব কর্মকর্তা মির্জা আজম ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর ঘনিষ্ঠ। তাঁদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও পক্ষপাতের অভিযোগ করেন।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাইয়ের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে।
জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এই উপজেলায় চারজন চেয়ারম্যান পদপ্রার্থী হলেও লড়াই জমে উঠেছে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুর রহমান ও ফায়েজুল ইসলামের মধ্যে। ওবায়দুর রহমান মির্জা আজমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রগুলো বলছে, মূলত মির্জা আজমই তাঁকে প্রার্থী করেছেন। এ জন্য আওয়ামী লীগের লোকজন প্রচার করছেন যে তিনি জিততে না পারলে প্রতিমন্ত্রীর ‘প্রেস্টিজ’ নিয়ে প্রশ্ন উঠবে।
এ বিষয়ে ওবায়দুর রহমান বলেন, ‘এটা নির্বাচনী প্রচারের কৌশল হতে পারে। তবে আমরা জয়ের জন্য আমাদের মতো করে প্রচার করছি।’ বিএনপির প্রার্থীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা দেখেই এমন অভিযোগ করা হচ্ছে। বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একইভাবে অভিযোগ করা হচ্ছে।
এলাকা ঘুরে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চরপাকেরদহ, বালিজুড়ি, জোড়খালী ইউনিয়নে বেশি কারচুপির আশঙ্কা করছেন এলাকাবাসী। ঢাকা থেকে ভোট দিতে এলাকায় এসেছেন ময়েনউদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি না, বলতে পারছি না। গত দুই ধাপের মতো এখানেও কারচুপির আশঙ্কা আছে।’