অস্তিত্বের সংকটে দক্ষিণাঞ্চলের রাখাইনরা
নানা বঞ্চনা আর বৈরী পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে দেশের দক্ষিণাঞ্চলের বরগুনা ও পটুয়াখালী জেলায় বসবাসকারী আদিবাসী রাখাইনরা সংখ্যাগতভাবে ক্রমেই নিঃশেষ হয়ে যাচ্ছে। ভূমি-সংক্রান্ত জটিলতা, বৈরী প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তাল মেলাতে না পেরে অনেকেই এলাকা ছাড়ছেন। রাখাইন সমাজকল্যাণ সংস্থার একটি জরিপে দেখা যায়, ব্রিটিশ শাসনামলে দুই জেলার ২৩৭টি রাখাইনপাড়ায় প্রায় ৫০ হাজার রাখাইনের বাস ছিল। ১৯০০-১৯৪৭ সালে তা কমে ৩৫ হাজারে দাঁড়ায়। ১৯৪৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত এই এলাকায় রাখাইনের সংখ্যা সাড়ে তিন হাজারে এসে ঠেকে। কিন্তু ১৯৯১ সালের পর ২০০৪ পর্যন্ত তা বেড়ে সাড়ে চার হাজার হয়েছে। ভূমি-সংক্রান্ত জটিলতা, নিরাপত্তাহীনতা এবং প্রকৃতির বৈরী আচরণকে রাখাইনদের জনসংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ার কারণ বলে দাবি করেছেন রাখাইন জনগোষ্ঠীর একাধিক নেতা। বরগুনার তালতলী উপজেলার প্রবীণ রাখাইননেতা বাবু তাহান জানান, কৃষি কাজ করে রাখাইনরা জীবিকা নির্বাহ করে। একসময়ের গহিন অরণ্য পরিষ্কার করে বসতি এবং পরে এসব এলাকাকে আবাদি জমিতে পরিণত করে রাখাইনরা। কিন্তু রাখাইনদের সরলতা ও শিক্ষার অভাবকে পুঁজি করে তাদের জমিজমা কিনে নেওয়া হয়। এ ছাড়া ভূমি কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে পুরোনো রেকর্ড ছিঁড়ে ফেলে অতিরিক্ত খতিয়ান খুলে জাল দলিল তৈরি করে এবং খাসজমি দেখিয়ে অন্যদের নামে বন্দোবস্ত দেওয়াসহ নানা সমস্যায় বেশির ভাগ রাখাইন কৃষি জমির ওপর থেকে তাঁদের অধিকার হারান। পটুয়াখালী জেলা রাখাইন বৌদ্ধ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মংতেন থান বলেন, ‘নানা বঞ্চনার মধ্যে বরগুনা ও পটুয়াখালী জেলায় যে গুটিকয়েক রাখাইন পরিবার টিকে আছে, তারাও সীমাহীন দুর্দিনের মধ্যে আছে। ভূমি সমস্যার সমাধান করা না গেলে কয়েক বছরের মধ্যে এই এলাকার সব রাখাইন পরিবার ভূমিহীন জনগোষ্ঠীতে পরিণত হবে।’ তালতলীর লাউপাড়া গ্রামের রাখাইন পরিবারের সদস্য মংচোথিন অভিযোগ করেন, পৈতৃক সূত্রে পাওয়া তাঁর ২২ একর ৭৭ শতাংশ জমির ভুয়া রেকর্ড তৈরি করে স্থানীয় কয়েকজন ১৯৮০ সাল থেকে ভোগদখল করে আসছেন। উপজেলার নোমিসেপাড়া গ্রামের গৃহবধূ মাচান চিন রাখাইন অভিযোগ করেন, তাঁর বাবা চয়মো অং তালুকদারের ৪০ একর জমি একইভাবে এলাকার একটি প্রভাবশালী পরিবার দখল করে নিয়েছে। তিনি বলেন, ‘১৯৮০ সাল থেকে আমার বাবার সঙ্গে বিরোধী পক্ষের মামলা চলছে।’ জেলা রাখাইন সমাজকল্যাণ সংস্থার সদস্যসচিব খেমংলা বলেন, ‘ভূমি-সংক্রান্ত জটিলতার কারণে এখানে ক্রমাগতভাবে রাখাইন ও বাঙালির সৌহার্দ্য নষ্ট হচ্ছে।’ তিনি আরও বলেন, সত্তরের দশকেও তালতলী এলাকার মোট আবাদি জমির ৯০ ভাগ ছিল রাখাইনদের মালিকানায়। এখন তার দশ ভাগও তাদের হাতে নেই। তালতলী ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা খে খেনু রাখাইন বলেন, ‘২০০০-০১ ও ২০০৪-০৫ সালের বেশ কিছু বন্দোবস্ত নিয়ে এখানে বিতর্ক আছে। আমি এখানে নতুন এসেছি। তবে রাখাইন-বাঙালি ভূমি নিয়ে বিরোধ ও সমস্যা দীর্ঘদিনের।’বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল আলিম বলেন, ‘রাখাইন জনগোষ্ঠীর ভূূমি-সংক্রান্ত জটিলতা আছে—এ কথা সত্য। এর নিষ্পত্তি করতে তাঁরা অনেকে মামলা-মোকদ্দমা করেছেন। কেউ জোর-জবরদস্তি করে জমি দখল করেছে বলে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’