অস্তিত্বের সংকটে বন্য প্রাণী সেবাশ্রম
মৌলভীবাজার জেলার বনজঙ্গলে একটা সময় নানা জাতের বন্য প্রাণীর প্রাচুর্য্য ছিল। কিন্তু এখন সে অবস্থা নেই। তবে বেশ কিছু বন্য প্রাণীর দেখা মেলে সীতেশ রঞ্জন দেবের বন্য প্রাণীর চিড়িয়াখানায়। এটি এখন বন্য প্রাণীর সেবাশ্রমে পরিণত হয়েছে। তবে সেবাশ্রমটি এখন পড়ে গেছে অস্তিত্বের সংকটে। প্রাণীগুলোর খাদ্যের জোগান দিতে খরচে কুলিয়ে উঠতে পারছেন না তিনি। অন্যদিকে বন থেকে বেরিয়ে আসায় জনসাধারণের হাতে আক্রান্ত ও আহত বন্য প্রাণী সংগ্রহ, সেগুলোর চিকিৎ সা, শুশ্রূষার পর সুস্থ হলে তাদের বনে নিয়ে ছাড়ার বাড়তি খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।বন্য প্রাণী সংরক্ষক সীতেশ রঞ্জন দেব সম্পূর্ণ নিজের উদ্যোগে প্রায় দুই যুগ আগে শ্রীমঙ্গল শহরে তাঁর বাড়িতে চিড়িয়াখানাটি গড়ে তোলেন। একসময় বন্য প্রাণী শিকারি ছিলেন তিনি। তখন বনজঙ্গলে প্রাণীও ছিল প্রচুর। ১৯৯১ সালের জানুয়ারি মাসে শিকার করতে গেলে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা-বাগান এলাকায় বন্য ভালুক তাঁকে আক্রমণ করে। জীবনটাই বিপন্ন হয়ে পড়েছিল। দীর্ঘদিন চিকিৎ সার পর সেরে ওঠেন। এখনো সেই ক্ষত তাঁর চেহারায় রয়ে গেছে। এখনো মাঝে মধ্যে ব্যথা অনুভব করেন। আর সেই ঘটনার পর থেকে তিনি নিজেও বদলে গেলেন। শিকারি থেকে হয়ে উঠলেন বন্য প্রাণীর সংরক্ষক।সীতেশ রঞ্জন দেব জানিয়েছেন, এটি এখন আর শুধু চিড়িয়াখানা নয়, হয়ে উঠেছে বন্য প্রাণীর সেবাশ্রম। অনেকে বলেন বন্য প্রাণীর হাসপাতাল। প্রায়ই বনের প্রাণীরা খাদ্যের অন্বেষণে লোকালয়ে বেরিয়ে এলে জনসাধারণ তাঁদের আটকে ফেলে। অনেক ক্ষেত্রে পিটিয়ে জখম করে। সেসব আহত বন্য প্রাণী সংগ্রহ করে এখানে চিকিৎ সা ও সেবা-শুশ্রূষা দেওয়া হচ্ছে। তারপর সেই প্রাণীগুলো বনে ছেড়ে দেওয়া হয়। এখন বন্য প্রাণী সেবাশ্রমে আছে বেশ কিছু মায়া হরিণ, চিত্রা হরিণ, দুটি ভালুুুুক, দুটি মেছোবাঘ, দুটি সোনালি বাঘ, একটি সাদা বাঘ, তিনটি অজগর। দুটি করে গুইসাপ, শঙ্খিনী সাপ, লজ্জাবতী বানর, হনুমান, বাদামি বানর, বন মোরগ, সবুজ ঘুঘু, গন্ধগোকুল, পাম সিভিট। আরও আছে চারটি ধনেশ পাখি, পাঁচটি বনবিড়াল, উড়ন্ত কাঠবিড়ালসহ প্রায় ৫০টি বন্য প্রাণী। এ ছাড়া হরিয়াল, ঘুঘু, তোতা, সাইবেরিয়ান হাঁসসহ প্রায় ১৫০টি পাখি আছে। তাঁর সেবাশ্রমের কাছের পুকুরে ভিড় করছে অতিথি পাখির ঝাঁক।সীতেশ রঞ্জন দেব প্রথম আলোকে বলেন, ‘আমি এখন এটি পরিচালনা করতে হিমশিম খাচ্ছি। খুব সংকটে আছি। প্রায় প্রতিদিন খরচ দেড় হাজার থেকে আঠারো শ টাকার মতো। তা ছাড়া লোকজনের হাতে আটক সজারু, সাপ, বাঁদরসহ বিভিন্ন বন্য প্রাণী নিজের গাড়িতে করে নিয়ে আসতে হয়। এদের চিকিৎ সা ও পরিচর্যা করতে হয়। এতেও খরচ বাড়ছে। বাঘ ও হরিণের খাদ্যই ব্যয়সাপেক্ষ। যত দিন যাচ্ছে, অবস্থা খারাপ হচ্ছে।’ তিনি জানান, প্রতিদিন বাঘের জন্য এক কেজি ওজনের পাঁচটি মোরগ লাগে। এ ছাড়া ২০০-২৫০ টাকা দামের এক ছড়ি কলা লাগে বাঁদর ও হনুমানের জন্য। হরিণের জন্য লাগে সবজি, সাপের জন্য ইঁদুর। আয় বলতে শুক্র ও শনিবার কিছু পর্যটক আসে। তাদের কাছ থেকে জনপ্রতি পাঁচ টাকা করে নেওয়া হয়। তাতে বড়জোর ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা আসে। এদিকে গত এক সপ্তাহে তাঁর সেবাশ্রমে দুটি বাংলা শকুন, একটি দাঁড়াশ সাপ, দুটি সোনালি বাঘ, একটি মেছোবাঘ ও তিনটি লক্ষ্মীপেঁচা এসেছে। বিপন্নপ্রায় দুটি বাংলা শকুনকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন চার কেজি করে গরুর মাংস লাগছে।তিনি জানান, বৃহত্তর সিলেট অঞ্চলে স্কুলের বাচ্চাদের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। নেই বন্য প্রাণীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। এই সেবাশ্রম সেই সুযোগ তৈরি করেছে। ‘বন্য প্রাণীর সেবাশ্রম’ পরিচালনার জন্য জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ দুই টন চাল দিয়েছিলেন। এ ছাড়া বাইরের কোনো সহযোগিতা নেই। সীতেশ রঞ্জন দেবের কাছে বন্য প্রাণী সেবাশ্রমটি তাঁর নিজের অস্তিত্বের মতোই। প্রতিকূলতার মুখেও তাই এটি টিকিয়ে রেখেছেন তিনি। কাজটি তাঁর পক্ষে সহজ হতো যদি বিপন্ন বন্য প্রাণীদের রক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন সমাজের সামর্থ্যবানেরা।