অস্তিত্ব-সংকটে ৮৫ বছরের পুরোনো বিদ্যালয়
পদ্মার ভাঙনে বিদ্যালয়ের ভবন বিলীন হয়েছে ২০০৪ সালে। ধীরে ধীরে চলে গেছে শিক্ষার্থীরাও। যে বিদ্যালয় ৩০০ শিক্ষার্থীর কোলাহলে মুখরিত থাকত, সেখানে বর্তমানে আছে মাত্র ১৯ জন শিক্ষার্থী। চারজন শিক্ষক থাকলেও একজনকে প্রেষণে অন্যত্র পাঠানো হয়েছে।
মূল ঠিকানা ও শিক্ষার্থী হারিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে ৮৫ বছরের পুরোনো পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২১ মার্চ সরেজমিনে দেখা যায়, নদীর পারে ফাঁকা মাঠে এক কক্ষবিশিষ্ট টিনের একটি ঘর। সেই কক্ষেই শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নয়জন শিক্ষার্থীকে পাঠদান করছেন তিনজন শিক্ষক।
এলাকাবাসী ও ওই বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, স্থানীয় লোকজনের চেষ্টায় ১৯৩০ সালে সিংহনগর গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালের দিকে প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী ছিল এখানে। কিন্তু ওই সময় থেকে নদীভাঙনের কবলে পড়ে বিদ্যালয়ের আশপাশের গ্রামগুলো। তখন থেকে শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকে। ২০০৪ সালে সিংহনগর গ্রামটি নদীগর্ভে বিলীন হয়। হারিয়ে যায় বিদ্যালয়ের দুটি পাকা ভবনও। এ সময় গ্রামের শেষ প্রান্তে নদীর পারে একটি টিনের ঘর তুলে কোনোভাবে চালু রাখা হয় বিদ্যালয়ের কার্যক্রম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ জানান, যে গ্রামের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়টি চলত, নদীভাঙনে তারা অন্যত্র চলে গেছে। ফলে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। অন্য গ্রাম থেকে কিছু ছাত্র সংগ্রহ করে এত দিন বিদ্যালয়টি চালানো হয়েছে। কিন্তু এখন তারাও আর আসতে চাইছে না।
সরকারি বিধি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় চালানোর জন্য কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী প্রয়োজন। যদি কোনো বিদ্যালয়ে এর চেয়ে কম শিক্ষার্থী থাকে, তাহলে বিধি ভঙ্গের ব্যবস্থা নেওয়া হয়। বিদ্যালয়ের হাজিরা বইতে দেখা যায়, খাতা-কলমে পাঁচটি শ্রেণিতে শিক্ষার্থী আছে ১৯ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে কেউ নেই। শিশু শ্রেণিতে পাঁচজন, দ্বিতীয় শ্রেণিতে তিনজন, তৃতীয় শ্রেণিতে দুজন, চতুর্থ শ্রেণিতে পাঁচজন ও পঞ্চম শ্রেণিতে চারজন। এদের মধ্যে সাত থেকে দশজন নিয়মিত বিদ্যালয়ে আসছে।
দ্বিতীয় শ্রেণির ছাত্র হৃদয় হোসেন বলে, সে এক কিলোমিটার দূরের নারুহাটি গ্রাম থেকে এই বিদ্যালয়ে আসে। ওই গ্রামের আর কেউ এই বিদ্যালয়ে আসে না। একা একা বিদ্যালয়ে আসতে ভালো লাগে না।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, এই বিদ্যালয়ের আধা কিলোমিটার দূরে আরও চারটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ফলে এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসে না। এলাকাবাসী অনেক দিন ধরে বিদ্যালয়টি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার দাবি করছেন।
সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, সংকট নিরসনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বিদ্যালয়টি ইউনিয়নের কাদোয়া গ্রামে স্থানান্তরের জন্য বলা হয়েছিল। সেখানে প্রচুর শিক্ষার্থী রয়েছে। কিন্তু এখনো শিক্ষা অধিদপ্তর সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান প্রথম আেলাকে বলেন, এলাকাবাসী চাইলে বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তাঁরা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য দরখাস্ত দিলে ব্যবস্থা নেওয়া হবে।