অস্ত্র, গুলিসহ ১০ ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের নান্দেশ্বর গ্রামের এক প্রবাসীর বাড়িতে গত রোববার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আন্তজেলা ডাকাতদলের ১০ সদস্যকে আটক করেছে।পুলিশ ডাকাতদের ব্যবহূত দুটি বন্দুক, একটি এয়ারগান, ১৪টি গুলি, একটি ছুরি, একটি ক্ষুর, তালা ভাঙার তিনটি শাবল, ডাকাতদের তিনটি মুঠোফোন উদ্ধার করেছে। এ ছাড়া ডাকাতদের কাছ থেকে ডাকাতির মালামাল হিসেবে একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ব্যাপারে বাড়ির মালিক মনির হোসেন ডাকাতির একটি এবং নাঙ্গলকোট থানার পুলিশ অস্ত্র আইনে আরেকটি মামলা করে।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের নান্দেশ্বর গ্রামের দক্ষিণ আফ্রিকাপ্রবাসী মীর মাহবুবুল হোসাইনের বাড়িতে গত রোববার রাত আনুমানিক আড়াইটায় ১৫ জনের সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। ওই সময় ডাকাতদল বাড়ির লোকজনকে বেঁধে মারধর করে। এরপর তারা ঘরের পাঁচটি কক্ষে থাকা আলমারি ভেঙে নগদ প্রায় তিন লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, তিনটি মুঠোফোনসহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।এদিকে ডাকাতির সময় বাড়ির এক নারী কৌশলে তাঁর ভাই নাঙ্গলকোট পৌরসভার কাউন্সিলর আবু জাফরকে ফোন করলে তিনি নাঙ্গলকোট থানার পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন নিয়ে ডাকাতদের ধাওয়া করে এলাকাবাসী। পরে পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জোড্ডা ইউনিয়নের শ্রীহাস্য তালতলা নামের স্থানে ঘেরাও করে অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করে।