অস্ত্র আইনের মামলা বিশেষ ট্রাইব্যুনালে, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলা ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত থেকে জেলার বিশেষ ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়েছে। এদিকে, লিমনের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশের বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের দাবিতে ঢাকা এবং বরিশালে মানববন্ধন-সমাবেশ হয়েছে।গতকাল বৃহস্পতিবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এ মামলার শুনানির দিন ধার্য ছিল। লিমন ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আদালতে লিমনের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী মানিক লাল আচার্য্য ও হাসান সিকদার। হাকিম নুসরাত জাহান আবেদন মঞ্জুর করেন এবং বিচারের জন্য মামলাটি ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১-এ পাঠান। আইনজীবীরা জানান, আগামী ৯ জুন বিশেষ ট্রাইব্যুনালে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। বিচারের দাবিতে সমাবেশ: লিমনের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের তদন্ত দাবি করেছে ‘লিমনের জন্য, জীবনের জন্য’ নামের ফেসবুকনির্ভর নাগরিক মঞ্চ। গতকাল বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে এই মঞ্চ মানববন্ধন করে। মানববন্ধনে অংশ নেন বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর, কবি ও লেখক বেলাল চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী প্রমুখ। তাঁরা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের মহাপরিচালকের ক্ষমা চাওয়া উচিত। লিমনের সুচিকিৎসা ও পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। লিমনের ওপর নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল বিকেলে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সংহতি সমাবেশের আয়োজন করে প্রগতিশীল ছাত্র জোট।সমাবেশে লিমনের মা বলেন, ‘আমার ছেলের পায়ে গুলি কইর‌্যাও খ্যান্ত হয় নাই র‌্যাব। এহন (এখন) মিথ্যা মামলা দিয়া আমার ছেলের জীবনডা শ্যাষ করতে চায়। আমি এর বিচার চাই।’ লিমনের বড় ভাই স্নাতক শ্রেণীর ছাত্র হেমায়েত হোসেন মাসুম বলেন, ‘আমার ভাই যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।’প্রগতিশীল ছাত্র জোটের নেতা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বরিশাল শাখার সভাপতি রেজাউল ইসলাম খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ মিজানুর রহমান, কলেজ শিক্ষক দুলাল চন্দ্র মজুমদার, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির বিভাগীয় সভাপতি লীলা রানী দত্ত প্রমুখ। বক্তারা বলেন, লিমনের ওপর নির্যাতনের জন্য অনতিবিলম্বে র‌্যাবের ক্ষমা চাওয়া উচিত এবং লিমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা উচিত।গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে কলেজছাত্র লিমন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নিষ্ঠুরতার শিকার হয়ে পা হারায়। এরপর বরিশাল র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুৎফর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় দুটি মামলা করেন। এর একটি অস্ত্র আইনে, অপরটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। অস্ত্র আইনের মামলায় গত ২৪ এপ্রিল লিমনসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।