১০ ট্রাক অস্ত্র আনার বিষয়টি চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসীন উদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক কে এম এনামুল হক আগে থেকেই জানতেন। আর, অস্ত্র খালাসের রাতে সিইউএফএলের রেস্টহাউসে অবস্থান করছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমীন।সিইউএফএলের তৎকালীন সহকারী নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খান গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন।মবিন আদালতকে বলেন, তিনি ২০০৪ সালের ১ এপ্রিল রাতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহসীন উদ্দিন তালুকদারের সঙ্গে চট্টগ্রাম রেলস্টেশনে যান। সেখান থেকে শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন সচিব নুরুল আমীনকে সিইউএফএলের রেস্টহাউসে নিয়ে আসেন। ওই দিন রাত আনুমানিক একটার সময় আনসার কমান্ডার কাজী আবু তৈয়বের ফোনে মবিন জানতে পারেন যে জেটিঘাটে অবৈধ মালামাল নামছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গোলাবারুদ দেখে তা তাৎক্ষণিকভাবে এমডিকে জানান।মবিন হোসেন বলেন, ‘এমডি সাহেব বিষয়টি কর্ণফুলী থানার ওসিকে জানাতে বলেন। ওসি তখন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। এ কথা এমডিকে জানালে তিনি বলেন, “ওসি সাহেব যেহেতু সেখানে আছেন তাহলে আপনার কিছু করার নেই।”...পরদিন সকাল সাতটায় শিল্পসচিব নুরুল আমীন জানান, তিনি চলে যাবেন। তাই ওনাকে বিদায় দিতে রেস্টহাউসে যাই। সেখানে এমডি ও সচিব মহোদয়কে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলি। শিল্পসচিব বলেন, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে জানে। এমডিও একই কথা বলেন। এরপর শিল্পসচিব চলে যান।’ সাক্ষ্যে মবিন আরও বলেন, ‘ঘটনা জানানোর পরও শিল্পসচিব ঘটনাস্থল পরিদর্শন করেননি এবং কোনো রকম নির্দেশনা দেননি। এতে আমার মনে হয়েছে, ঘটনা তদারক করতেই তিনি সিইউএফএলের রেস্টহাউসে এসে অবস্থান করছিলেন।’২০০৪ সালের ৩ এপ্রিল ঘটনা সম্পর্কে প্রতিবেদন তৈরি করে সিইউএফএলের তৎকালীন মহাব্যবস্থাপক (জিএম-প্রশাসন) কে এম এনামুল হকের কাছে জমা দেন সহকারী নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন। সাক্ষ্যে তিনি বলেন, ‘প্রতিবেদনে অস্ত্র ও গোলাবারুদ কথাটি উল্লেখ করায় জিএম এনামুল হক বলেন, “এটা উল্লেখের দরকার নেই”। তিনি আমাকে অস্ত্র ও গোলাবারুদের জায়গায় অবৈধ মালামাল লিখতে বাধ্য করেন। কারখানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিতে জিএম ও এমডিকে অনুরোধ করলেও এ ব্যাপারে তাঁরা অনীহা প্রকাশ করেন।’ মবিন বলেন, ‘এমডিকে জানানোর পরও তিনি ঘটনাস্থলে যাননি এবং কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেননি। এমডি ও জিএমের কার্যকলাপ ও আচরণে আমার কাছে প্রতীয়মান হয় যে ওনারা অস্ত্র আনার বিষয়টি আগে থেকেই জানেন।’ সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এস এম মজিবুর রহমান আজ বুধবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।