কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী শনিবার অনুষ্ঠিত হচ্ছে। এ ছয় ইউপিতে গত ৩১ মার্চ নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ভোটের আগের দিন বিকেলে নির্বাচন উচ্চ আদালত থেকে স্থগিত করা হয়। ভোটের আগে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন গত সোমবার নির্বাচন কমিশনে (ইসি) একটি চিঠি পাঠিয়েছেন।প্রশাসন সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি মহেশখালী উপজেলার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কুতুবজোম, বড় মহেশখালী, মাতারবাড়ী, হোয়ানক ও কালারমারছড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচন স্থগিত করা হলে গত ৩০ মার্চ বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নে গোলাগুলিতে আটজন গুলিবিদ্ধ হয়।মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল হক বলেন, ভোটার তালিকা নিয়ে জটিলতার কারণে ভোটের আগের দিন হাইকোর্টের এক আদেশে মহেশখালীর এই ছয় ইউপির নির্বাচন স্থগিত করা হয়। পরে ওই আদেশ উচ্চ আদালতে স্থগিত করায় নির্বাচন কমিশন এই এলাকার ছয় ইউপি নির্বাচনের ভোট গ্রহণের জন্য আগামী শনিবার দিন ধার্য করে।ইউএনও কাউসার হোসেন বলেন, ‘৩০ মার্চ রাতে বড় মহেশখালী ইউনিয়নের নতুনবাজারে আমার সামনে দুই প্রভাবশালী চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকেরা অবৈধ ভারী অস্ত্র নিয়ে গোলাগুলি করে। এ কারণে সুষ্ঠু ভোট নিয়ে ভোটার ও প্রার্থীদের পাশাপাশি প্রশাসনেও শঙ্কা আছে। তাই ভোটের আগে সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে।ইউএনও বলেন, এলাকার ৬৩টি ভোটকেন্দ্রের প্রায় সবই ঝুঁকিপূর্ণ। এ কারণে ভোটের দুদিন আগে এবং দুদিন পর পর্যন্ত ভোটকেন্দ্রে র্যাব, কোস্টগার্ড ও বিজিবি মোতায়ন করা জরুরি। তাই নিরাপত্তা সহায়তা চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে।