অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহর সই করা এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বরাবরে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের ফল গেজেটে প্রকাশের আগ পর্যন্ত নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। চিঠিতে নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অনুপ্রবেশকারীরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যাতে নষ্ট না করতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া সংখ্যালঘু ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, স্বার্থ হাসিলের জন্য কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে নজর রাখতে হবে।
এ ছাড়া স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো অপর এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের সময় সরকারের রাজস্ব বা উন্নয়ন তহবিল থেকে কোনো ধরনের প্রকল্প অনুমোদন, প্রকল্পের ঘোষণা বা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না। সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য অনুদান দেওয়া, বরাদ্দ ঘোষণা বা অর্থ অবমুক্ত করা যাবে না। সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর বা করপোরেশনের পদাধিকারী কোনো ব্যক্তির এলাকায় কোনো ধরনের উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন বা অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত করা যাবে না।