অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম গণ্ডামারা গ্রাম থেকে গতকাল সোমবার কয়লাবিদ্যুৎ প্রকল্পবিরোধী সংগঠন বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলীর বাবা দুদু মিয়াকে (৭০) আটক করেছে পুলিশ। তাঁকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের দাবি, লিয়াকতের বাড়ি থেকে দুটি এলজি ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
গত ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে চার গ্রামবাসী নিহত হন।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকতের বাবা দুদু মিয়াকে আটক করা হয়েছে। লিয়াকতের ঘর থেকে দুটি এলজি ও চারটি গুলি উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ধরতে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি।
লিয়াকত আলী মুঠোফোনে দাবি করেন, পুলিশ তাঁর ঘরে তল্লাশির নামে লুটপাট চালিয়েছে। তাঁর ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে। অভিযোগ না থাকলেও তাঁর বৃদ্ধ বাবাকে আটক করে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার দক্ষিণ মো. হাবিবুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেন।
এদিকে এলাকার অনেকের অভিযোগ, বিদ্যুৎ প্রকল্পবিরোধী আন্দোলন দমাতে পুলিশ ধরপাকড় শুরু করেছে।
গণ্ডামারার মনাজিপুকুরপাড় এলাকার বাসিন্দা আবু আহমেদ বলেন, গতকাল দুপুরের পর থেকে পুলিশের প্রায় ৪০০ সদস্য গণ্ডামারা ইউনিয়নের চারপাশ ঘিরে প্রতিটি ঘরে তল্লাশি চালায়। এ সময় ঘরে কোনো পুরুষ সদস্যকে না পেয়ে নারীদের সঙ্গে দুর্ব্যবহার করে পুলিশ। তিনি বলেন, লিয়াকতের বাবাকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আর পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে।
বিদ্যুৎ প্রকল্পবিরোধী আন্দোলন দমাতে ধরপাকড়ের অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে এ সময় পুলিশ গুলি ছোড়েনি।