অস্ত্র উদ্ধারের সময় সন্ত্রাসীদের হামলায় পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশকে আহত করে অটোরিকশার চালকসহ সন্ত্রাসীরা পালিয়ে যায়।পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফেনী শহর ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনসহ পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন রামপুর অ্যাকটেল টাওয়ারের পাশে টহল দিচ্ছিল। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশা দেখে পুলিশ সেটি থামানোর সংকেত দেয়। পরে অটোরিকশায় থাকা তিনজনের দেহ তল্লাশি করে অবৈধ বিদেশি একটি পিস্তল, একটি গুলি ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসীদের আটক করতে গেলে কনস্টেবল মো. সেলিমকে আহত করে তারা পালিয়ে যায়। সেলিমকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মুঠোফোনের সূত্র ধরে আরোহী দুজনের পরিচয় পাওয়া গেছে।এ ঘটনায় শহর ফাঁড়ির এসআই বাদী হয়ে মীর হোসেন, গোলাম সরওয়ার ও অজ্ঞাত একজনকে আসামি করে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করেছেন।