অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪
নোয়াখালী সদর উপজেলার দাদপুর বাজার ও অশ্বদিয়ার ইতালি মার্কেট এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ও বৃহস্পতিবার রাতে এদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে মো. কবির হোসেন (২৮) নামে এক যুবক এক রাউন্ড গুলিসহ একটি শুটারগান বিক্রি করার জন্য উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ইতালি মার্কেটে যান। গোপন সংবাদে এ খবর পায় সুধারাম থানা-পুলিশ। এরপর থানার দুই উপপরিদর্শক (এসআই) তানভীর আহম্মেদ ও লিটন দত্ত ঝটিকা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত কবিরের বিরুদ্ধে থানায় আগেও অস্ত্র আইনের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত আটটার দিকে চারজনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী একই উপজেলার দাদপুর বাজারে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় বাজারের লোকজন ধাওয়া করে একটি পাইপগানসহ হাবিবুর রহমান (১৯), রিয়াজ হোসেন (১৮) ও মো. পারভেজকে (২০) ধরে ফেলে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে এবং উদ্ধার করা অস্ত্র থানায় নিয়ে আসে।
জানতে চাইলে পৃথক স্থান থেকে অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসী গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার। প্রথম আলোকে তিনি বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক যুবকদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।