অস্ত্র ও গুলিসহ দুজন গ্রেপ্তার গাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা সাভারের শীর্ষ সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন সাভারের ঘোরড়াদিয়া গ্রামের আইনুদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৫) ও পাশের সিঞ্জুরি গ্রামের আউলাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে সাভার পৌর এলাকার নামাবাজার বংশী নদীর খেয়াঘাট থেকে আমজাদ ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছে থাকা একটি গুলিভর্তি পিস্তল নদীতে ফেলে দেন তাঁরা। গতকাল সকালে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এনে গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ হেফাজতে আমজাদ ও আনোয়ার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়েল নামে এক লোক তাঁদের কাছে পিস্তলটি রেখে গেছেন। ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার: ১৬ মে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাভারের আমিনুর রহমানের গাড়ি ছিনতাই হয়। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে সাভারের আমিনবাজার থেকে গাড়িটি উদ্ধার করা হয়। দুলাল নামে ছিনতাইকারীদের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।