অস্ত্র ও গুলিসহ ১০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টা থেকে গতকাল বুধবার সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চলে।
গ্রেপ্তার হওয়া ছয়জন নিজেদের ছাত্রলীগের সরকারি বাঙলা কলেজ শাখার নেতা-কর্মী বলে পুলিশের কাছে দাবি করেছেন। তাঁরা হলেন সোহেল রানা ওরফে অনিক, জহিরুল ইসলাম, কাজী ইমরান, সোহেল রানা, আফজাল হোসেন ও আবুল বাশার। এ ছাড়া আবদুল খালেক, রাশেদুল ইসলাম, নসরুল্লাহ ও গোলাম রব্বানী বহিরাগত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে সরকারি বাঙলা কলেজের পেছনে আবুল কাশেম ছাত্রাবাসে অভিযান চালানো হয়। গতকাল সকাল ছয়টা পর্যন্ত চলা অভিযানে পুলিশ সেখান থেকে ৪৩ জনকে আটক করে। পুলিশ ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি তাজা ককটেল, ২৪টি গুলি, ২১টি চাপাতি ও প্রচুর লাঠিসোঁটা উদ্ধার করে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, আটকের পর সরকারি বাঙলা কলেজ কর্তৃপক্ষ ৩৩ জনকে আবাসিক ছাত্র বলে শনাক্ত করে। প্রাথমিক তদন্তে অস্ত্র রাখার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা মেলেনি। তাই ৩৩ ছাত্রকে পরে কলেজ কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, পুলিশের কাছে গোপন তথ্য ছিল, কিছুদিন ধরে একটি ছাত্র সংগঠনের বিবদমান দুই পক্ষ ছাত্রাবাসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার করতে ছাত্রাবাসে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও দেশীয় বিভিন্ন অস্ত্র মজুত রেখেছে। এ জন্য তারা বহিরাগতদের ছাত্রাবাসে আশ্রয় দিয়েছে। এর ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়।
দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল বলেন, সরকারি বাঙলা কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। সেখানে কেউ যদি ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে অপকর্ম করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত তাদের মতো করে ব্যবস্থা নেওয়া।