অস্ত্র ও গোলাবারুদ চীনের তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে উদ্ধার হওয়া ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ চীনে তৈরি বলে তদন্ত প্রতিবেদনে জানিয়েছিল সেনাবাহিনীর তদন্ত পর্ষদ। ওই পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তাইয়েবুর রহমান গতকাল রোববার আদালতে দেওয়া সাক্ষ্যে এই তথ্য জানান।চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানসহ আদালতে গতকাল এই সেনা কর্মকর্তা সাক্ষ্য দেন। ২০০৮ সালে গঠিত ওই তদন্ত পর্ষদের সভাপতির দায়িত্ব পালনকালে হাসান মাহমুদ সেনাবাহিনীর লে. কর্নেল পদে কর্মরত ছিলেন। এই সেনা কর্মকর্তা বর্তমানে ন্যাশনাল ডিফেন্স কলেজে কর্মরত। গতকাল আদালতে সাক্ষ্য শেষে আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান ও মেজর (অব.) লিয়াকত হোসেনের আইনজীবী কামরুল ইসলাম তাঁকে জেরা করেন। শুনানি শেষে আজ সোমবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন আদালত।সাক্ষ্যে হাসান মাহমুদ বলেন, তদন্ত পর্ষদ অস্ত্র ও গোলাবারুদের ওপর খোদাই করা মার্কিং এবং কোনো কোনো বাক্সে প্রাপ্ত ম্যানুয়েল পরীক্ষা করে দেখেছিল। এসব তথ্য পরে ওয়েবসাইট, জেনস (জিএএনইএস) পাবলিকেশন্স এবং গোলাবারুদ-সংক্রান্ত অন্যান্য প্রকাশনা যাচাই করে দেখা হয়। যাচাই-বাছাইয়ের পর তদন্ত পর্ষদ নিশ্চিত হয়, এসব অস্ত্র ও গোলাবারুদ চীনের তৈরি। পরে তদন্ত পর্ষদ এই মতামত আঞ্চলিক সদর দপ্তর চট্টগ্রামে পাঠায়। পরে এই প্রতিবেদন চট্টগ্রাম থেকে সেনা সদরে পাঠানো হয়।হাসান মাহমুদ বলেন, ২০০৮ সালের ২৫ আগস্ট সেনা সদর দপ্তর অর্ডন্যান্স কারিগরি পরিদপ্তরের কর্মকর্তা মেজর শাহ আবদুল আজিজ আহমেদের সই করা বিস্তারিত প্রতিবেদন তদন্তকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ২০১০ সালের ৬ মার্চ তিনি মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামানের কাছে জবানবন্দি দেন। সাক্ষ্যে সেনা তদন্ত পর্ষদের সভাপতি বলেন, ‘সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মামলায় অধিকতর তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে পুলিশের অনুরোধে সেনা সদর দপ্তর অস্ত্র কোন দেশের তৈরি, তা যাচাই করে দেখতে আঞ্চলিক সদর দপ্তর চট্টগ্রামকে নির্দেশ দেয়। আঞ্চলিক সদর দপ্তর আমাকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত পর্ষদ গঠন করে। পর্ষদের অন্য দুই সদস্য ছিলেন মেজর মো. শামসুল আলম ও মেজর মো. আবদুল মালেক।’গতকাল সাক্ষ্যগ্রহণ শেষে আসামি জেরায় আইনজীবী মাহমুদুর রহমান প্রশ্ন করেন, ‘অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে উদ্ধার করা হয়েছে এবং কোথা থেকে আপনাকে দেখানো হয়েছে জানেন?’ উত্তরে হাসান মাহমুদ বলেন, ‘সিইউএফএল জেটিঘাট থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।’ এরপর আইনজীবী প্রশ্ন করেন, ‘জব্দ করা অস্ত্র ও পরীক্ষিত অস্ত্র যে একই, সে বিষয়ে কি কোনো কিছু দেখাতে পারবেন?’ জবাবে তিনি বলেন, ‘অস্ত্র ও এ-সংক্রান্ত দলিলপত্র চট্টগ্রাম সেনানিবাসে রক্ষিত আছে।’