অস্ত্র ও গোলাবারুদভর্তি গাড়ি ছেড়ে দিয়েছেন এসআই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক খানসহ একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদসহ একটি পিকআপ ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া থানার আরেক এসআইয়ের লিখিত অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে। সাভার মডেল থানার এসআই রজব আলী ওই অভিযোগ করেন। ঘটনার দিন তিনি হামলায় গুরুতর আহত হন। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে সম্প্রতি তিনি ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেন। হাবিবুর রহমান গতকাল সোমবার এসআই এমদাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। লিখিত অভিযোগে যা বলা হয়: লিখিত অভিযোগে এসআই রজব উল্লেখ করেন, গত ১৭ মার্চ দিবাগত রাতে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাকুর্তা এলাকা থেকে আমিনবাজারের সালেপুর সেতু পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন। একটি হলুদ পিকআপে করে ঢাকা থেকে শাড়ি ও লুঙ্গির ভেতরে লুকিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বগুড়ায় যাচ্ছে। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়ে সালেপুর সেতুর কাছে অবস্থান নেন। রাত দেড়টার দিকে একটি হলুদ পিকআপ ওই স্থান দিয়ে যাওয়ার সময় তিনি থামার সংকেত দেন। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে সাভারের দিকে চলে যান। এ সময় কর্তব্যরত কনস্টেবল সাইফুল ও আলমগীর তাঁকে রেখে ভাড়া করা ব্যক্তিগত গাড়ি নিয়ে পিকআপের পিছু নেন। তাঁদের আচরণ সন্দেহ হলে তিনি নায়েক আবদুল জব্বার, কনস্টেবল আমিনুল ইসলাম ও নূর আলমকে নিয়ে আরেকটি গাড়ি নিয়ে তাঁদের পিছু নেন। লিখিত অভিযোগে বলা হয়, সালেপুর সেতু থেকে আধা কিলোমিটার যাওয়ার পর এসআই রজব মহাসড়কের ওপর গাড়িটি থামা অবস্থায় দেখতে পান। তাঁরা হলুদ পিকআপের সামনে কনস্টেবল সাইফুল ও আলমগীরসহ অন্য কাউকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে কিছু লোক তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। হামলাকারীরা বড় পাথর দিয়ে তাঁর মুখমণ্ডলসহ বাঁ হাত থেঁতলে দেয়। নায়েক আবদুল জব্বার তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁকে হাসপাতালে ভর্তির পর কনস্টেবল সাইফুল মুঠোফোনে বিষয়টি সাভার থানার এসআই এমদাদকে জানান। খবর পেয়ে এসআই এমদাদ তাঁর দলের কনস্টেবল হারুন-অর-রশিদসহ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যান। এসআই এমদাদসহ অন্যরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে হলুদ পিকআপটি ছেড়ে দেন। পরে প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে সাদা রঙের আরেকটি পিকআপসহ শাড়ি-লুঙ্গি উদ্ধার দেখিয়ে ছিনতাইয়ের নাটক সাজিয়ে হলুদ পিকআপের চালক মনির হোসেনকে বাদী করে ১৮ মার্চ সাভার থানায় একটি মামলা করা হয়। ঘটনার পর গণমাধ্যমের কাছে যা বলা হয়েছিল: ঘটনার পর মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমদাদ ও থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই শেখ ফরিদ উদ্দিন জানিয়েছিলেন, শাড়ি ও লুঙ্গিসহ হলুদ পিকআপটি ছিনতাই হয় ঢাকার তেজগাঁও এলাকা থেকে। এরপর ছিনতাই করা পিকআপসহ আরেকটি পিকআপে করে ছিনতাইকারীরা সাভারের দিকে যাওয়ার সময় পুলিশ তিন ছিনতাইকারীসহ শাড়ি ও লুঙ্গি উদ্ধার করে। এসআই এমদাদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসআই রজব কল্পকাহিনি লিখে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।’ সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এসআই রজবের অভিযোগ সত্য নয়। এর পরও পুলিশ সুপার বিষয়টি তদন্ত করছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান।