অস্ত্র ও বিস্ফোরক মামলার কী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়জন হারানো এই শিশুকে সান্ত্বনা দিচ্ছেন এক সেনা কর্মকর্তা ষ ফাইল ছবি
প্রিয়জন হারানো এই শিশুকে সান্ত্বনা দিচ্ছেন এক সেনা কর্মকর্তা ষ ফাইল ছবি

বিডিআর বিদ্রোহের চার বছর আট মাস পর হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। কিন্তু একই ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার বিচার থেমে আছে।
আসামিপক্ষের আইনজীবীরা জানান, বিস্ফোরক দ্রব্য আইনের মামলার কার্যক্রম স্থগিত চেয়ে তাঁরা আবেদন করবেন। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন। রাষ্ট্রপক্ষ এ মামলায় গত দুই বছরে ১৬ জন সাক্ষীকে উপস্থাপন করেছে।
হত্যা ও বিস্ফোরক মামলার বিচার কার্যক্রম শুরু হয় বকশি বাজারের উমেশ দত্ত রোডে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে। একই আদালতে পিলখানা হত্যার বিচারও চলছে।
আসামিপক্ষের আইনজীবী আমিনুল হক বলেন, আইনানুযায়ী বিস্ফোরক দ্রব্য আইনের মামলা চলতে পারে না। কারণ হিসেবে তিনি বলেন, এ নিয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। আপিল বিভাগের বিচারপতি তোফাজ্জেল হোসেনের দেওয়া একটি রায়ের উল্লেখ করে তিনি বলেন, একই ঘটনা থেকে দুটি মামলার উদ্ভব হলে এবং একই সাক্ষী হলে মামলা দুটির বিচারকাজ একসঙ্গে চলবে। রায়ও একই সঙ্গে দিতে হবে।
আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, হত্যা মামলায় বিচারকাজ শেষ হলে বিস্ফোরক দ্রব্য আইনে আবার সাজা দেওয়া হলে আইনের ব্যত্যয় ঘটবে।

আইনজীবী আমিনুল ইসলাম জানান, হত্যা মামলার রায় ঘোষণার পর তিনি আদালতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করবেন। আদালত তা স্থগিত না করলে উচ্চ আদালতে আপিল করবেন।

আইনজীবী জানান, হত্যা মামলায় যাঁরা সাক্ষ্য দিয়েছেন, অস্ত্র মামলার সাক্ষীও তাঁরাই। কাজেই এ মামলার আইনগত ভিত্তি নেই।