প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোকে অস্ত্র ও মাদক চোরাচালান রোধে আরও অধিক মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে জোরালো সহযোগিতা গড়ে তোলারও পরামর্শ দেন তিনি। খবর বাসসের।
প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের উদ্দেশে ভাষণদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠুভাবে ও দক্ষতার সঙ্গে দেশ পরিচালনার ক্ষেত্রে যেকোনো সরকারের জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকাই পূর্বশর্ত। প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক সেবার কারণে তাঁর বিগত সরকারের শাসনকালে অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো ছিল।
শেখ হাসিনা সামাজিক স্থিতিশীলতা ও শান্তি বিনষ্টে অস্ত্র ও মাদকের অবৈধ চোরাচালানকে প্রধান সমস্যা হিসেবে আখ্যায়িত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ সমস্যা সমাধানে আরও মনোযোগী হতে হবে।
প্রাকৃতিক দুর্যোগের মতো বাংলাদেশ অনেক সময় মানবসৃষ্ট বিপর্যয়ে আক্রান্ত হয়েছে উল্ল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের অনেক মন্ত্রী ও সাংসদ এসব বিপর্যয়ের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি বলেন, সরকারের ভেতর থেকেই এসব সন্ত্রাসীকে পৃষ্ঠপোষকতা দিয়ে, তারা দেশের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
বিএনপি-জামায়াত জোটের শাসনামলে বিভিন্ন সময়ে গ্রেনেড ও সিরিজ বোমা হামলার কথা উল্ল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা সে সময় দুজন বিরোধীদলীয় সংসদ সদস্যসহ বহু মানুষকে হত্যা করেছে এবং আমিসহ আরও অনেককে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে গ্রেনেড হামলা চালিয়েছিল।’ বিএনপি-জামায়াত তখন পুরো দেশকে সন্ত্রাসী ও জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করে এবং অস্ত্র ও মাদক চোরাচালানের জন্য দেশের অধিকাংশ অঞ্চল খুলে দেয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ মুসতাক বক্তৃতা করেন।