র্যাব পরিচয়ে ডাকাতি করে পালানোর সময় মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে গত সোমবার রাতে ডাকাতদলের আট সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহূত একটি মাইক্রোবাস, হাতকড়া, দুই সেট র্যাবের পোশাক, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামের সাইমন হোসেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার পশ্চিম কাওয়াদি গ্রামের মো. আলম প্রধান, সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মাটিকাটা গ্রামের মো. সাজ্জাদ হোসেন, বরিশালের উজিরপুর উপজেলার ধামশ্বর গ্রামের মনিরুল ইসলাম ও সময়েল বদ্য, বাগেরহাটের সরই গ্রামের সোহেল আহম্মেদ, বরগুনার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মো. জালাল ও পটুয়াখালীর মোশারফ মিয়া।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে একটি মাইক্রোবাসযোগে ডাকাতদলের ওই সদস্যরা দৌলতপুর উপজেলা সদরের কর্মকারপাড়া এলাকার চিত্তরঞ্জন কর্মকারের বাড়িতে প্রবেশ করেন। এ সময় র্যাবের পোশাক পরিহিত দুজন নিজেদের র্যাবের সদস্য পরিচয় দিয়ে বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁরা চিত্তরঞ্জনের হাতে হাতকড়া লাগিয়ে মারধর শুরু করেন। এরপর তাঁরা আলমারিতে রাখা ৭১ ভরি স্বর্ণালংকার, ১০০ ভরি রুপা ও সাড়ে চার হাজার টাকা লুট করে মাইক্রোবাসযোগে দ্রুত পালিয়ে যান।বিষয়টি পুলিশকে জানানোর পর শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নূরে আলমের নেতৃত্বে ঘিওর ও দৌলতপুর থানার পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসায়। রাত সাড়ে নয়টার দিকে ঘিওর উপজেলার ঘিওর-দৌলতপুর সড়কের তেরশ্রী এলাকায় ওই ডাকাতদলের সদস্যদের বহনকারী মাইক্রোবাসটির গতি রোধ করে দাঁড়ায় ঘিওর থানার পুলিশ। এ সময় মাইক্রোবাসের সামনের আসনে বসা এক আরোহী নিজেকে সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দেন। পুলিশের সন্দেহ হলে তাঁরা মাইক্রোবাসে তল্লাশি চালান। এ সময় ওই মাইক্রোবাসে থাকা ৭১ ভরি স্বর্ণালংকার, ১০০ ভরি রুপা, সাড়ে চার হাজার টাকা, র্যাবের দুই সেট পোশাক, একটি শর্টগান, দুই জোড়া হাতকড়া, দুটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করে ঘিওর থানায় নিয়ে যাওয়া হয়।শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নূরে আলম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, গ্রেপ্তার হওয়া সাইমন হোসেন সেনাবাহিনীর মেজর পদে কর্মরত ছিলেন। ২০০৫ সালে তিনি চাকরি থেকে অবসর নেন। মো. সাজ্জাদ হোসেন ও মনিরুল ইসলামও সেনাসদস্য ছিলেন। কয়েক বছর আগে তাঁরা ছুটিতে বাড়ি গিয়ে আর কর্মস্থলে যোগ দেননি।পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ডাকাতেরা এর আগেও র্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ডাকাতির কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে ঘিওর থানায় অস্ত্র আইনে ও দৌলতপুর থানায় ডাকাতির মামলা হয়েছে।