অস্ত্র কেড়ে নিয়ে দুই পুলিশকে পিটুনির ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দুই সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা তদন্তে গতকাল বৃহস্পতিবার চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত শাহ মখদুম থানার এসআই জাহাঙ্গীর আলমকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) শাহ গোলাম মাহমুদকে। ১০ কার্যদিবসের মধ্যে তাঁরা প্রতিবেদন দাখিল করবেন।
তদন্ত কমিটির প্রধান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তাঁদের মনে হচ্ছে, পুলিশের দায়িত্বে অবহেলার কারণেই দুই পুলিশ সদস্য মার খেয়েছেন।
পুলিশ সূত্রটি আরও জানায়, ঘটনার দিন শাহমখদুম থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেন। এতে ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাতেই দায়িত্বে অবহেলার কারণে উপপরিদর্শক জাহাঙ্গীরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বুধবার তাঁকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। ঘটনার সময় জাহাঙ্গীর পুলিশের ওই টহল দলের দায়িত্বে ছিলেন। হামলাকারীদের সামনে পড়ে তিনি গাড়ি ঘুরিয়ে যেদিক থেকে এসেছিলেন, সেই দিকেই চলে যান। ঢিলের আঘাতে তিনি সামান্য আহত হন। এ ছাড়া দুই পুলিশ সদস্য গাড়ি থেকে নেমে পড়লে তাঁদের বন্দুক কেড়ে নিয়ে নির্দয়ভাবে পেটানো হয়।
শাহমখদুম থানার ওসি সাইদুর রহমান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আট শিবিরকর্মী মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম, নাইয়ার, জনি, রমজান, সোহেল রানা ও শাহীনুর ইসলামের বুধবার দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে আজ শুক্রবার তাঁদের থানায় নেওয়া হবে। গতকাল পর্যন্ত এ মামলায় নতুন কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গত মঙ্গলবার রাজশাহীতে হরতাল এবং বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের দেশব্যাপী অবরোধ চলাকালে নগরের সপুরা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের ওপরে একদল হামলাকারী নগরের মতিহার থানার ওই পুলিশ ভ্যানে হামলা চালায়। এ সময় কনস্টেবল আমজাদ ও শফিকুল ইসলাম গাড়ি থেকে নামলে হামলাকারীরা বন্দুক কেড়ে নিয়ে তাঁদের পিটিয়ে জখম করে।
কনস্টেবল শফিকুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন। মাথায় গুরুতর জখম ছাড়াও তাঁর একটি হাত ভেঙে গেছে।