অস্ত্র কেনার চুক্তি নিয়ে কোথাও কি সংশয় আছে: তরিকুল
রাষ্ট্রীয় ঋণে রাশিয়া থেকে সমরাস্ত্র কেনার চুক্তি নিয়ে কোথাও সংশয় আছে কি না, এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম।গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে এ প্রশ্ন রাখেন তরিকুল ইসলাম।এই অস্ত্র ক্রয় চুক্তি নিয়ে গত সোমবার সশস্ত্র বাহিনী বিভাগ প্রথম সংবাদ সম্মেলন করে। এক দিন পর বুধবার প্রধানমন্ত্রী একই বিষয়ে আবার সংবাদ সম্মেলন করার প্রসঙ্গ টেনে বিএনপির সমন্বয়ক বলেন, ‘জানি না, কী উদ্দেশ্যে সশস্ত্র বাহিনী প্রেস ব্রিফিং করে জাস্টিফাই করল যে তাদের অস্ত্র কেনা যুক্তিসংগত হয়েছে। আবার এমন কী ঘটল যে প্রধানমন্ত্রীকে প্রেস ব্রিফিং করে বলতে হলো, অস্ত্র কেনা যুক্তিসংগত হয়েছে এবং তা সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য কেনা হয়েছে?’তরিকুল প্রশ্ন করেন, ‘কে না চায়, সশস্ত্র বাহিনী শক্তিশালী হোক? কিন্তু প্রধানমন্ত্রী কেন আবার দেশবাসীকে কথাটি বলতে গেলেন? তবে কি কোনো জায়গায় সংশয় আছে, প্রশ্ন আছে?’বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই সমাবেশ করে। সংগঠনের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির নেতা শামসুজ্জামান, বরকত উল্লা, আমান উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী প্রমুখ। সমাবেশ শেষে জিয়াউর রহমানের নানা রঙের প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়।