জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, জাতিসংঘে গিয়ে প্রধানমন্ত্রী অস্ত্র না কেনার উপদেশ দিলেন। কিন্তু তিনি নিজে কত হাজার কোটি টাকার অস্ত্র কিনেছেন, সে হিসাব দিতে পারবেন না।
গতকাল শুক্রবার বিকেলে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে বি. চৌধুরী এ কথা বলেন।
বি. চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, ‘পাঁচ বছরে কত হাজার কোটি টাকার অস্ত্র কিনেছেন, তার হিসাব কি দিতে পারবেন?’ এসব অস্ত্র দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। পাঁচ বছরে শত শত মানুষকে হত্যা ও গুম করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বক্তব্যের কড়া সমালোচনা করেন বি. চৌধুরী। নাসিমের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারি কর্মচারীরা কারও বাবার চাকর নয়, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। তাদের অপমান করার অধিকার কারও নেই।’ আর অর্থমন্ত্রীর উদ্দেশে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘নিজের ছাত্রদের বদমাশ বলতে আপনার লজ্জা হয় না। এ কথা বলার পর আপনার পদত্যাগ করা উচিত ছিল।’