অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার গাড়ি ও কার্যালয় থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধারের ঘটনায় শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এ দুটি মামলাতেই জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ছাত্রলীগের সাবেক ভিপি সাজেদুর রহমান আসামি।
গত বুধবার রাতেই শাজাহানপুর থানার উপপরিদর্শক কালাচান ঘোষ এবং সানোয়ার হোসেন বাদী হয়ে আলাদাভাবে মামলা দুটি করেন। এর মধ্যে কালাচান ঘোষের দায়ের করা বিস্ফোরক মামলায় সাজেদুর ছাড়াও আটক আসাদুজ্জামানসহ নয়জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে সানোয়ার হোসেনের অস্ত্র আইনে দায়ের মামলায় সাজেদুরসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
বুধবার বিকেলে শাজাহানপুর থানা-পুলিশ উপজেলার ওমরদীঘি বাজারে স্বেচ্ছাসেবক লীগের ওই নেতার প্রাইভেট কার তল্লাশি করে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং তাঁর কার্যালয় থেকে ১১টি তাজা ককটেল, ধারালো অস্ত্র ও লাঠি উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা ও তাঁর সহযোগীদের দুটি প্রাইভেট কার এবং ১১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, ওইদিন পুলিশ আগেভাগে অভিযান না চালালে বড় ধরনের অপৃতিকর ঘটনা ঘটে যেতে পারতো। কারণ আসন্ন ইউপি নির্বাচন নিয়ে সসস্ত্র মহড়ার প্রস্তুতি চলছিল।
অবশ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুর রহমানের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগাম গণসংযোগ করতে গিয়ে প্রতিপক্ষের ইন্ধনে অস্ত্র মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।