অস্ত্র-গুলিসহ আটকের পর পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় গত শুক্রবার রাতে একটি গুলিভর্তি দেশীয় বন্দুক ও ট্যাক্সিক্যাবসহ শোভন (২৫) নামের এক যুবককে আটক করে এলাকাবাসী। পরে তিনি পালিয়ে গেলে এলাকাবাসী আটক করা অস্ত্র, গুলি ও ট্যাক্সিক্যাব পুলিশ হেফাজতে দিয়ে দেয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত নয়টার দিকে ওই এলাকায় একটি ট্যাক্সিক্যাবে করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এলাকাবাসী শোভনকে আটক করে। পরে তাঁর কাছ থেকে গুলি ও অস্ত্র উদ্ধার করে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শোভন কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী উদ্ধার করা অস্ত্র, গুলি ও ট্যাক্সিক্যাবটি তাদের কাছে সোপর্দ করে। শোভন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিম কবীরের ভাতিজা।