অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাজহারুল ইসলামকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ওই ইউনিয়নের নওদাপাড়া গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় হত্যা, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে।র্যাব সূত্রে জানা গেছে, স্থানীয় ইটভাটা মালিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে র্যাব মাজহারুলের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে একটি আধুনিক শাটার গান, পাঁচটি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ রায়হান বলেন, মাজহারুল উপজেলার ৫২টি ইটভাটা মালিকের প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা চেয়ে হুমকি দিয়ে আসছিলেন। তিনি চরমপন্থী সংগঠন জনযুদ্ধের নেতা বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইটভাটা মালিক বলেন, প্রতিবছরই মাজহারুলকে ২০ হাজার টাকা করে চাঁদা দিতে হয়েছে। এবার তিনি প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার করে চাঁদা দাবি করে আসছিলেন। জনপ্রতিনিধির আড়ালে তিনি নিজেকে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার হিসেবে দাবি করতেন। এলাকায় মাজাহার বাহিনী নামে তাঁর একটি নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে মাজহারুল একক প্রার্থী ছিলেন। ভয়ে তাঁর বিরুদ্ধে কেউ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াননি। দিনে জনপ্রতিনিধি হিসেবে তিনি বিভিন্ন বিচার-সালিশের কাজ করতেন এবং রাতে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে বেড়াতেন। ভয়ে তাঁর বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মাজহারুলকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। এলাকায় তিনি ত্রাস হিসেবে পরিচিত। কিন্তু রাজনৈতিক চাপের কারণে পুলিশ এত দিন তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি।