অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
ঢাকার সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলামকে (৩০) পুলিশ গতকাল রোববার গ্রেপ্তার করেছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানা সূত্রে জানা গেছে, দুপুরে সাভারের গেন্ডা এলাকা থেকে পুলিশ আমিনুলকে গ্রেপ্তার করে। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে পুলিশ মধ্য গেন্ডা কবরস্থানের পাশের একটি জঙ্গল থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের অনুসারী হিসেবে পরিচিত আমিনুল দুই বছর আগে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় সওজের জমি দখল করে শতাধিক আধাপাকা দোকানঘর নির্মাণ করেন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই সব দোকান ব্যবসায়ীদের কাছে বরাদ্দ দেন তিনি। এরপর আমিনুল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। তালুকদার তৌহিদ জং মুরাদ এবারের নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে মাস খানেক আগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বাজারটির দখল নিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। এ নিয়ে গত ২০ ডিসেম্বর সংঘর্ষ চলাকালে নাসিরকে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন আমিনুল ও তাঁর লোকজন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে।