অস্ত্র ছেড়ে রিকশার হাতল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে তিনি টগবগে তরুণ! বয়স ২২ কি ২৩। দেশমাতৃকার টানে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। এখন তিনি ৬৩ কি ৬৪ বছরের বৃদ্ধ। যুদ্ধ তিনি এখনো করছেন, বেঁচে থাকার যুদ্ধ। দিনমান প্যাডেল ঘুরিয়ে, যাত্রী টেনে ক্ষান্ত হন রাতে।দেশ স্বাধীন করতে একদিন যে হাতে তুলে নিয়েছিলেন রাইফেল, আজ সেই হাত চেপে বসেছে রিকশার হাতলে। তবে মুঠিটা আগের মতোই দৃঢ়।একাত্তরে জয়ী হয়েছিলেন। দেশ স্বাধীন করে তবেই ফিরেছিলেন বাড়ি। কিন্তু জীবিকার তাগিদে যে যুদ্ধে, সে যুদ্ধে জয়-পরাজয় জানা নেই এই যোদ্ধার। ‘হয়তো আমৃত্যু চালিয়ে যেতে হবে’, একবুক দীর্ঘশ্বাস ছেড়ে কথাটা বললেন মুক্তিযোদ্ধা আতাউর রহমান। বাড়ি তাঁর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামে।তাঁর কথায়, স্থানীয় পাল্লাতল এলাকায় ইপিআরের (ইস্ট পাকিস্তান রাইফেলস) একটি ক্যাম্পে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন। সেখান থেকেই তাঁর যুদ্ধযাত্রার শুরু। ক্যাম্পের ৫০ থেকে ৬০ জন সদস্যের একটি দল মুক্তিযুদ্ধে অংশ নিতে সিলেটের চাঁদনীঘাটের উদ্দেশে চলে যায়। সে দলের সহযাত্রী ছিলেন আতাউর। কিছুদিন পর ভারতের ত্রিপুরা রাজ্যের লোহারবন্দে গিয়ে এক মাসের প্রশিক্ষণ নেন। পরে সেই দলটিকে ৪ নম্বর কমলপুর চেকপোস্টে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের পাঠানো হয় শ্রীমঙ্গলের কুরমা চা-বাগানে, পাকিস্তানি ক্যাম্প গুঁড়িয়ে দিতে। প্রথম অভিযানে ব্যর্থ হন তাঁরা। সংগঠিত হয়ে সপ্তাহ খানেক পর আবার অভিযান চালান। ওই দিন ফজরের আজানের পর পর তাঁরা হানাদারদের ক্যাম্পে হামলা চালান। কিন্তু পর্যাপ্ত গোলা-বারুদ না থাকায় পিছু হটেন। সেদিন দলের সাতজন শহীদ হন। শ্রীমঙ্গলের ওই অভিযান থেকে ফিরে আরও কয়েকটি অভিযানে অংশ নেন আতাউর।আতাউর রহমান জানান, দেশ স্বাধীনের পর অস্ত্র জমা দিয়ে জীবনযুদ্ধে নেমে পড়েন। টানা ১৫ বছর দিনমজুরের কাজ করেন। পরে বিয়ে করেন জলিকা বিবিকে। এরই মধ্যে উপজেলা সদরে রিকশা চালানো শুরু করেন। বছর তিনেক আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান স্ত্রী। টাকার অভাবে স্ত্রীর চিকিৎসা করাতে পারেননি বলে আক্ষেপের শেষ নেই তাঁর। ঘরে তিন ছেলে, এক মেয়ে। বড় ছেলে সপ্তম শ্রেণীতে পড়ে। প্রতি মাসে দুই হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা পান। এ টাকায় চলে ছেলেমেয়ের পড়াশোনা। আতাউর রহমান বলেন, ‘সংসার চলে না। বাঁচার লাগি রিকশা চালাই। এতে তো লইজ্জার কিচ্ছু নাই। বাজারে জিনিসপত্রের যা দাম। বয়সও অই গেছে। রিকশা চালাইয়া যা জমাইছিলাম, স্ত্রীর চিকিৎসাত সব শেষ। অখন চিন্তা বাইচ্চারারে লইয়া।’বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আপ্তাব আলী প্রথম আলোকে বলেন, ‘আতাউর অনেক কষ্টে জীবন যাপন করছেন। তাঁর বাড়িঘরের অবস্থাও ভালো না। প্রায়ই রাস্তায় দেখা হয়। তখন খোঁজখবর নিই।’